রাজ্যের খবর

পুলিশ হেফাজতে আচমকা অসুস্থ বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ককে ভর্তি করা হল কলকাতার হাসপাতালে

৬ অক্টোবর আদালতে পেশের আগেই মহা বিপত্তি! অস্ত্র মামলায় ধৃত প্রাক্তন বিধায়কের শারীরিক অবস্থা ঘিরে উদ্বেগ

Truth of Bengal: বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার মামলায় পুলিশ হেফাজতে থাকাকালীন আচমকা মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। রবিবার সকালে আচমকাই তীব্র বুক ব্যথার পাশাপাশি চরম শারীরিক দুর্বলতার কথা জানান তিনি। এর পরই তড়িঘড়ি বনগাঁ জে আর ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে।

সম্প্রতি বেআইনি অস্ত্র রাখার গুরুতর অভিযোগে গ্রেফতার হন তৃণমূলের এই প্রভাবশালী নেতা। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ (১) (এ) ও ২৭ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ২৬২ ধারায় জামিনঅযোগ্য মামলা রুজু করে পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পুলিশ হেফাজতে থাকাকালীন রবিবার ভোরেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি।

রবিবার সকালে কড়া পুলিশি পাহারায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিশ্বজিৎ দাস সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘ভীষণ চেস্ট পেন হচ্ছে। শরীর খুব উইক লাগছে।’’ বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা তাঁর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করার পরই কলকাতার একটি স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তর কেন্দ্র থেকে দু’বারের নির্বাচিত বিধায়ক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। নির্বাচনের পর তিনি ঋতব্রত শিবিরের সঙ্গে যুক্ত হন।

আগামী ৬ অক্টোবর পুলিশি হেফাজতের মেয়াদ শেষে তাঁকে ফের আদালতে হাজির করানোর কথা ছিল। তবে তার আগেই পুলিশি হেফাজতে এই আকস্মিক অসুস্থতা ও কলকাতা স্থানান্তরের ঘটনা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles