কলকাতা

আচমকা অসুস্থ বিধানসভার স্পিকার! হঠাৎ কী হল তাঁর?

হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল

Truth of Bengal: আচমকা অসুস্থ রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে তড়িঘড়ি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবার গান্ধীজয়ন্তী ও লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রথীন্দ্রনাথ। দিনভর বিভিন্ন অনুষ্ঠানে থাকার পর রাতে বাড়ি ফেরেন। এরপরই আচমকা বুকে ব্যথা শুরু হয়। পরিস্থিতি দেখে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে ভর্তির পরই একাধিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে আপাতত তাঁকে পর্যবেক্ষণেই রাখা হয়েছে। রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সঙ্গে যুক্ত থাকার পর সক্রিয় রাজনীতিতে আসেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন।

পরে সর্বসম্মতিক্রমে রথীন্দ্রনাথ বসুকেই রাজ্য বিধানসভার স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়।