কৃষক না হয়েও ১ কোটির কৃষি ঋণ হাতানো! সমবায় দুর্নীতিতে বিপাকে প্রাক্তন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী
নথিপত্র বাজেয়াপ্ত, গ্রেফতার ম্যানেজার স্বপন পাত্র! দুর্নীতি দমন কমিশনের স্ক্যানারে স্নেহাশিষের কোটি টাকার কেলেঙ্কারি
রাকেশ চক্রবর্তী, হুগলি: এবার হুগলির জাঙ্গিপাড়ার সিংটি কৃষক সমবায় সমিতি দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত হিসেবে প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীর নাম জড়িয়েছে।
মূলত এই কৃষি সমবায় থেকে স্থানীয় কৃষকরা ঋণ পেতেন। অভিযোগ, প্রাক্তন মন্ত্রী তাঁর পদের প্রভাব খাটিয়ে নিজে কৃষক না হয়েও এক কোটি টাকা ঋণ নিয়েছেন। ইতিমধ্যেই কমিশন তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে তদন্তে নেমে কমিশন ইতিমধ্যেই বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে। প্রশ্ন উঠছে তিনি নিজে জাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা না হয়েও কীভাবে ঋণ পেয়ে গেলেন!
এর আগে তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের পক্ষ থেকে কুণাল ঘোষ এই দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছিলেন। এবার তাঁর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন তদন্ত শুরু করায় এই ঋতব্রত শিবিরের নেতা বেকায়দায় বলে মনে করছে রাজনৈতিক মহল।
ইতিমধ্যেই সিংটি কৃষি সমবায় সমিতর ম্যানেজার স্বপন পাত্র দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছে। যদিও গোটা বিষয় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি প্রাক্তন পরিবহন মন্ত্রী, বর্তমান ঋতব্রত শিবিরের নেতা স্নেহাশিষ চক্রবর্তী। এই বিষয় তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের অন্যতম মুখ কুণাল ঘোষ দাবি করেছেন, আসলে তৃণমূল জমানায় হওয়া এই দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে বাঁচাতেই প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী ঋতব্রত শিবিরে (গণতান্ত্রিক তৃণমূলে) নাম লিখিয়েছেন।





