পুজোর আগেই রাজ্য জুড়েই চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও পার্শ্বশিক্ষকদের বিরাট বেতন বৃদ্ধি
হাজার হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও পার্শ্বশিক্ষকের জন্য বড় ঘোষণা
Truth of Bengal: উৎসবের মরশুমের মুখে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও পার্শ্বশিক্ষকের জন্য বড় ঘোষণা। বিভিন্ন পদে মাসিক পারিশ্রমিক এক ধাক্কায় ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতরের প্ল্যানিং অ্যান্ড বাজেট শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন বেতন কাঠামো ১ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে। নতুন কাঠামোয় প্রাথমিক স্তরের প্যারা টিচারদের মাসিক পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬,৯৪১ টাকা। উচ্চ প্রাথমিক স্তরের প্যারা টিচারদের ক্ষেত্রে ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে হবে ২০,৫২৩ টাকা। শিক্ষাবন্ধুদের পারিশ্রমিক ৯,৯৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৪,৯৫৪ টাকা এবং স্পেশাল এডুকেটরদের ১৪,৯২৪ টাকা থেকে বাড়িয়ে ১৯,৯২৪ টাকা করা হয়েছে।একইভাবে উচ্চমাধ্যমিক স্তরের পার্ট-টাইম চুক্তিভিত্তিক শিক্ষকদের নতুন মাসিক পারিশ্রমিক হচ্ছে ২০,২১৮ টাকা। অ্যাকাডেমিক সুপারভাইজাররা পাবেন ১৮,৭৮১ টাকা এবং পিএ-কাম-ডিইওদের পারিশ্রমিক বেড়ে হচ্ছে ১৯,৭৭৪ টাকা।
ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের ক্ষেত্রে মাসিক পারিশ্রমিক ১৯,৬৯২ টাকা থেকে ৬ হাজার টাকা বাড়িয়ে ২৫,৬৯২ টাকা করা হয়েছে। মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিকাদের পারিশ্রমিক ১৬,১৭৮ টাকা থেকে বেড়ে হয়েছে ২২,১৭৮ টাকা।ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে বর্তমান বেতনের অঙ্ক অনুযায়ী ধাপে ধাপে বৃদ্ধি করা হয়েছে। যাঁদের মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকার নিচে, তাঁদের ৫ হাজার টাকা বাড়বে। ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে থাকলে বৃদ্ধি হবে ৭ হাজার টাকা। আর ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে পারিশ্রমিক পাওয়া কর্মীদের মাসে ১০ হাজার টাকা অতিরিক্ত দেওয়া হবে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, অর্থ দফতরের সম্মতি এবং মন্ত্রিসভার অনুমোদনের পরই এই নতুন পারিশ্রমিক কাঠামো কার্যকর করা হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির অপেক্ষায় থাকা চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের একটি বড় অংশ আর্থিকভাবে উপকৃত হবেন।
তবে বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানালেও কার্যকর হওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি শিক্ষক সংগঠন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, বাজেটে ১ আগস্ট থেকে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল। অথচ নতুন বিজ্ঞপ্তিতে তা ১ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে। ভবিষ্যতে পার্শ্বশিক্ষক ও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আরও সম্মানজনক ও স্থায়ী বেতন কাঠামোর দাবিও জানিয়েছেন তিনি। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীও পার্শ্বশিক্ষকদের ন্যূনতম বেতন কাঠামোর আওতায় আনার দাবি জানিয়েছেন। ফলে বেতন বৃদ্ধি আপাতত স্বস্তি দিলেও স্থায়ী বেতন কাঠামো ও চাকরির নিরাপত্তার দাবি যে বহাল থাকছে, তা স্পষ্ট।






