তোলাবাজি-দুর্নীতিতে জিরো টলারেন্স, বঙ্গ নেতৃত্বকে সতর্ক নিতিন নবীননের
সূত্রের দাবি, বিধায়কদের একাংশের বিরুদ্ধে পরিবারকেন্দ্রিক আচরণের অভিযোগ তাঁর নজরে এসেছে।
Truth of Bengal: রাজ্যে বিজেপির সরকার গঠনের পর প্রথম বঙ্গ সফরে এসে দলীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রী ও সাংগঠনিক নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলীয় সূত্রে খবর, বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—দলকে উপেক্ষা করে শুধুমাত্র পরিবারকেন্দ্রিক রাজনীতি করলে ভবিষ্যতে টিকিট পাওয়া কঠিন হতে পারে। পাশাপাশি জনপ্রতিনিধি ও সংগঠনের মধ্যে সমন্বয় বজায় রাখার উপরও জোর দেন তিনি।
সূত্রের দাবি, বিধায়কদের একাংশের বিরুদ্ধে পরিবারকেন্দ্রিক আচরণের অভিযোগ তাঁর নজরে এসেছে। নিতিনের বার্তা, নির্বাচনে জিতলেই কেউ দলের ঊর্ধ্বে নন; স্থানীয় সংগঠন ও মণ্ডল নেতৃত্বকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। নেতাদের আচরণে নম্রতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথাও বলা হয়েছে।
দুর্নীতি, তোলাবাজি বা সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ নিয়েও কঠোর অবস্থান নিয়েছে বিজেপি নেতৃত্ব। দলীয় বৈঠকে বলা হয়েছে, এমন অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। দল ও সরকারের মধ্যে আলাদা ‘ক্ষমতার কেন্দ্র’ তৈরি না করার নির্দেশও দেওয়া হয়েছে।
আসন্ন পুরভোটের আগে সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি জনসংযোগ বাড়ানো এবং সরকারের প্রকল্প সম্পর্কে মানুষের প্রতিক্রিয়া সংগ্রহের উপরও জোর দেওয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও দলীয় মূল্যায়নকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর।





