কলকাতা

অন্নপূর্ণা না বিধবাভাতা—এবার বেছে নিতে হবে একটি, নবান্নের নতুন নির্দেশিকা

যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে

Truth of Bengal: অন্নপূর্ণা যোজনা এবং বিধবা ভাতা—এবার থেকে একই সঙ্গে দুই প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়া যাবে না। যাঁরা বর্তমানে দু’টি প্রকল্প থেকেই টাকা পাচ্ছেন, তাঁদের যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে। এই মর্মে কলকাতা পুরসভার কমিশনার এবং সমস্ত জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। অন্যদিকে বিধবা ভাতা প্রকল্পে মাসিক সাহায্যের পরিমাণ ১,৫০০ টাকা। নতুন নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত বিধবা ভাতা প্রাপক একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাচ্ছেন, তাঁদের লিখিতভাবে জানাতে হবে তাঁরা কোন প্রকল্পের টাকা চালু রাখতে চান। এর জন্য উপভোক্তাদের একটি নির্দিষ্ট ‘অপশন ফর্ম’ পূরণ করতে হবে। সেখানে তাঁরা বিধবা ভাতা চালু রাখবেন, নাকি বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা নেবেন—তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

দু’টি প্রকল্প থেকেই বর্তমানে যাঁরা আর্থিক সাহায্য পাচ্ছেন, তাঁদের তালিকা রাজ্যের ‘সমর্থ’ পোর্টালে রাখা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং কলকাতা পুরসভাকে সেই উপভোক্তাদের কাছ থেকে লিখিত মতামত সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সমর্থ রাজ্য সরকারের সামাজিক পেনশন প্রকল্পগুলির সমন্বিত পোর্টাল হিসেবে ব্যবহৃত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, কোনও একজন উপভোক্তা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা এবং বিধবা ভাতার আর্থিক সুবিধা পাবেন না। তবে দিব্যাঙ্গ ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধার সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সুযোগ থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

রাজ্যের যুক্তি, একই ধরনের সামাজিক সহায়তা প্রকল্পে একজন উপভোক্তা যাতে একাধিকবার আর্থিক সুবিধা না পান, তার জন্যই এই ব্যবস্থা। ফলে এখন যাঁরা অন্নপূর্ণা এবং বিধবা ভাতা—দুই প্রকল্পের টাকা পাচ্ছেন, তাঁদের সামনে স্পষ্ট পছন্দ রাখতে হবে: মাসে ৩ হাজার টাকার অন্নপূর্ণা, নাকি ১,৫০০ টাকার বিধবা ভাতা। প্রশাসনের পরবর্তী কাজ হবে সংশ্লিষ্ট উপভোক্তাদের কাছ থেকে সেই পছন্দ সংগ্রহ করে সরকারি পোর্টালে নথিভুক্ত করা। তারপর সেই অনুযায়ী একটি প্রকল্পের অর্থসাহায্যই চালু থাকবে।

Related Articles