কলকাতা

হাইকোর্টে মিলল না স্বস্তি! বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের আবেদন খারিজ

বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এই পর্যায়ে পুলিশি তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত

Truth of Bengal: বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের আইনি অস্বস্তি আরও বাড়ল। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ এবং গ্রেপ্তারি থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও স্বস্তি মেলেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এই পর্যায়ে পুলিশি তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত। বীরভূমে বিপুল নগদ টাকা ও সোনা উদ্ধারের পর থেকেই পুলিশের নজরে আসেন টুলু। জুলাইয়ের শেষে তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। পরে মিনারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া সম্পদের সঙ্গে টুলুর ব্যবসায়িক নেটওয়ার্কের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় মহম্মদবাজার থানায় মামলা রুজু হয়। মামলায় ভারতীয় ন্যায় সংহিতার সংগঠিত অপরাধ-সহ একাধিক ধারা যুক্ত করা হয়। সেই এফআইআরের বৈধতাকেই হাই কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন টুলু। তাঁর আইনজীবীদের যুক্তি ছিল, তল্লাশি ও টাকা উদ্ধারের আগেই তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল না এবং সংগঠিত অপরাধের ধারা প্রয়োগের প্রয়োজনীয় শর্তও পূরণ হয়নি। রাজ্যের তরফে অবশ্য আদালতে দাবি করা হয়, ঘটনাটি কেবল বিপুল নগদ ও সোনা উদ্ধারের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পিছনে বৃহত্তর বেআইনি ব্যবসা ও সংগঠিত অপরাধের সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই তদন্ত চালিয়ে যাওয়া প্রয়োজন। মামলার নথি খতিয়ে দেখে আদালতও এই পর্যায়ে তদন্ত বন্ধ করতে রাজি হয়নি।

রায়ে বিচারপতি উল্লেখ করেন, টুলু মণ্ডল ২৩ মে দেশ ছেড়েছেন বলে তাঁর নিজের আবেদনে স্বীকার করা হয়েছে। এই তথ্য তাঁর আবেদনের উপর আদালতের আস্থা তৈরি করছে না বলেও পর্যবেক্ষণ করেন বিচারপতি। শেষ পর্যন্ত তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। তবে আইন অনুযায়ী অন্য উপযুক্ত প্রতিকার চাওয়ার সুযোগ খোলা রাখা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই টুলুর সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তি ও ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখছে। তাঁর সহযোগীদের কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সেপ্টেম্বরে সিউড়িতে তাঁর মালিকানাধীন একটি বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। টুলু এখনও তদন্তকারীদের নাগালের বাইরে রয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

Related Articles