পুজোর মুখে ফের বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
কলকাতায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে।
Truth of Bengal: পুজোর কেনাকাটার পরিকল্পনা থাকলে সপ্তাহান্তের আবহাওয়ার দিকে নজর রাখতে হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার ও রবিবার বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। কলকাতায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় ১৯ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে এটিকে এখনও ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা করা হয়নি, ফলে ‘অর্ণব’ নামটি এখনই সরকারি ভাবে প্রযোজ্য নয়।
সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকতে পারে। তবে ২৩ সেপ্টেম্বর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ২৪-২৫ সেপ্টেম্বরও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখিয়েছে IMD। উত্তরবঙ্গের কিছু অংশেও ২৪ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।






