দেশ

১৪ হাজার ফুট উঁচুতে ইঞ্জিনে মহা-বিপত্তি! মাঝআকাশে ঘুরে গোয়ায় জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে গোলযোগের ইঙ্গিত মেলে

Truth of Bengal: মাঝআকাশে ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় বড় বিপত্তির মুখে পড়ল গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমান। মঙ্গলবার সকালে গোয়া বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ৬ই ২১০২ নম্বর বিমানে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। পরিস্থিতি বুঝে দ্রুত বিমানের অভিমুখ ঘুরিয়ে ফের গোয়ার দিকে নিয়ে আসেন পাইলটরা। প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা থেকে নামিয়ে শেষ পর্যন্ত নিরাপদে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিটে গোয়া বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে উড়েছিল বিমানটি। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে গোলযোগের ইঙ্গিত মেলে। এরপর সকাল সাড়ে ৯টা নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানবন্দরে জরুরি পরিস্থিতি ঘোষণা করে। ফলে অন্য উড়ানের তুলনায় ওই বিমানটিকে অগ্রাধিকার দিয়ে নামার ব্যবস্থা করা হয়।

বিমানবন্দর সূত্রে খবর, সকাল ৯টা ৫১ মিনিটে গোয়ার রানওয়েতে নিরাপদে অবতরণ করে বিমানটি। যাত্রীদের সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। বড় কোনও দুর্ঘটনা না ঘটায় স্বস্তি ফিরেছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং যাত্রীদের মধ্যে। ‘ফ্লাইটর‌্যাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, বিমানটি তখন মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলের উপর দিয়ে দিল্লির দিকে এগোচ্ছিল। সেই সময়ই সেটিকে ঘুরিয়ে ফের গোয়ার পথে আনা হয়। বিমানের দিক পরিবর্তনের সময় সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় ছিল।

ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ইঞ্জিনে সমস্যা ধরা পড়ার কথাই সামনে এসেছে। বিমানটিকে প্রযুক্তিগত পরীক্ষার জন্য গ্রাউন্ড করা হয়। সব কিছু খতিয়ে দেখার পর সেটি বিকেল সাড়ে ৩টা নাগাদ ফের দিল্লির উদ্দেশে রওনা দিতে পারে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। তবে ঘটনার পর এখনও পর্যন্ত উড়ান সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ইঞ্জিনে কী সমস্যা হয়েছিল এবং কেন মাঝপথ থেকে বিমান ফিরিয়ে আনা হল, তা নিয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যার অপেক্ষা রয়েছে।