শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, সমস্যায় যাত্রীরা
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের লাইন পরিবর্তনের জন্য ব্যবহৃত পয়েন্টগুলির কয়েকটি অংশে মেরামতির কাজ হবে।
Truth of Bengal: রেললাইনে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জেরে শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখায় ট্রেন পরিষেবায় পরিবর্তন করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল। রেল সূত্রে খবর, রবিবার ৩০ অগস্ট রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে। এই সময়ের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের লাইন পরিবর্তনের জন্য ব্যবহৃত পয়েন্টগুলির কয়েকটি অংশে মেরামতির কাজ হবে। পাশাপাশি কিছু পুরনো অংশ নতুন করে তৈরি করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ট্র্যাকের কিছু অংশ বদলানো হবে। দুটি রেললাইনের সংযোগস্থলে থাকা পুরনো যন্ত্রাংশও পরিবর্তন করা হবে।
এই কাজের জেরে শিয়ালদহ স্টেশনের কয়েকটি লাইনে ট্রেন ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে সাময়িক সমস্যা হতে পারে। সেই কারণেই রবিবার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রী পরিষেবায় যাতে তুলনামূলক কম প্রভাব পড়ে, সে কথা মাথায় রেখে রাত ১২টা থেকে ভোর ৭টার সময়টিকেই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।
রবিবার শিয়ালদহ–হাবড়া, শিয়ালদহ–কল্যাণী সীমান্ত, শিয়ালদহ–ডানকুনি এবং শিয়ালদহ–রানাঘাট শাখায় একাধিক লোকাল বাতিল থাকবে।রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ–হাবড়া শাখার ৩৩৬৫১ আপ/৩৩৬৫২ ডাউন এবং ৩৩৬৫৩ আপ/৩৩৬৫৪ ডাউন লোকাল বাতিল করা হয়েছে। একই ভাবে শিয়ালদহ–কল্যাণী সীমান্ত শাখার ৩১৩১৩ আপ/৩১৩১৬ ডাউন এবং শিয়ালদহ–ডানকুনি শাখার ৩২২১৭ আপ/৩২২১৮ ডাউন লোকালও চলবে না।এ ছাড়াও শিয়ালদহ–রানাঘাট শাখার ৩১৬১৫ আপ/৩১৬২০ ডাউন লোকাল বাতিল করা হয়েছে।অন্য দিকে, লালগোলা–শিয়ালদহ ৫৩১৭২ ডাউন লোকাল শিয়ালদহ পর্যন্ত যাবে না। ট্রেনটি দমদম জংশন পর্যন্ত চলবে। পরে খালি রেকটি উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে শিয়ালদহে নিয়ে আসা হবে বলে জানিয়েছে পূর্ব রেল।রেল কর্তৃপক্ষের দাবি, মেরামতির কাজ শেষ হলে ট্রেন চলাচল আরও নিরাপদ ও মসৃণ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং-সহ বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। পরিষেবায় কোনও পরিবর্তন হলে শিয়ালদহ স্টেশন থেকে নিয়মিত ঘোষণা করে যাত্রীদের তা জানানো হবে।






