বিরাটের আধ্যাত্মিক জীবনের নেপথ্যে অনুষ্কা? জল্পনায় ইতি টেনে মুখ খুললেন সামি
ইংল্যান্ডের বিরুদ্ধে গত মাসের একদিনের সিরিজ শেষ হওয়ার পরও বিরাট ও অনুষ্কা বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিয়েছিলেন।
Truth of Bengal: ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলির আধ্যাত্মিক জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নিয়মিত বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়া এবং দেশের বিভিন্ন মন্দিরে প্রার্থনা করার জন্যও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার সেই বিতর্কে বিরাটের পাশে দাঁড়ালেন অভিজ্ঞ পেসার মহম্মদ সামি।
ইংল্যান্ডের বিরুদ্ধে গত মাসের একদিনের সিরিজ শেষ হওয়ার পরও বিরাট ও অনুষ্কা বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন, বিরাটের ধর্মবিশ্বাস নতুন কোনও বিষয় নয়। তিনি বরাবরই নিজের বিশ্বাস নিয়ে অত্যন্ত আন্তরিক, নিয়ম মেনে চলেন এবং এর জন্য আলাদা সময়ও দেন।
সামির কথায়, বিরাট যেভাবে নিজের বিশ্বাসকে গুরুত্ব দেন, তা খুবই ভালো বিষয়। কোনও মানুষ যদি নিজের ধর্ম বা বিশ্বাসকে গুরুত্ব দেন, তাহলে তা নিয়ে অন্য কারও আপত্তি করার কোনও কারণ নেই। প্রেমানন্দ মহারাজকে নিয়ে কেউ আঙুল তুলুক বা আপত্তি জানাক, সেটাও তিনি সমর্থন করেন না।
শুধু তাই নয়, বিরাটের আধ্যাত্মিক জীবনে অনুষ্কা শর্মার প্রভাব রয়েছে বলে যে দাবি করা হয়, সেটিও গুরুত্ব দিতে চান না বঙ্গ পেসার। তাঁর বক্তব্য, যদি স্বামী-স্ত্রী একসঙ্গে কোনও আধ্যাত্মিক পথ অনুসরণ করেন বা একজন অন্যজনকে অনুপ্রাণিতও করেন, তাহলে তাতে অন্য কারও সমস্যা হওয়ার কথা নয়। এটি সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজে ভারত ১-২ ব্যবধানে হেরেছে। সেই সিরিজে খেলার পর বিরাট কোহলিকে আগামী সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে আবার মাঠে দেখা যাবে। তবে মাঠের বাইরের এই বিতর্কে মহম্মদ সামির স্পষ্ট বক্তব্যে বিরাট কোহলির আধ্যাত্মিক জীবন নিয়ে চলা নানা জল্পনার মাঝেই নতুন মাত্রা যোগ হয়েছে।






