কলকাতা

মা ফ্লাইওভারে ফের চিনা মাঞ্জার তাণ্ডব, ক্ষতবিক্ষত বেসরকারি স্কুলের শিক্ষিকা

দুর্গাপুরের বাসিন্দা এশা মণ্ডল কাজের সূত্রে কয়েক বছর ধরে কলকাতাতেই থাকেন।

Truth of Bengal: কলকাতার মা ফ্লাইওভারে ফের প্রাণঘাতী চিনা মাঞ্জার বলি হতে হতে অলৌকিকভাৱে বেঁচে গেলেন এক বেসরকারি স্কুলের শিক্ষিকা। জখম শিক্ষিকার নাম এশা মণ্ডল। শনিবার রাতে একটি অ্যাপ-বাইকে চেপে মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আচমকাই চিনা মাঞ্জা এসে তাঁর নাকে-মুখে পেঁচিয়ে যায়। বাইকচালক বিপদ বুঝে মাথা নিচু করে নিজেকে সামলে নিলেও, ওই মহিলা কিছু বুঝে ওঠার আগেই কাঁচের গুঁড়ো মাখানো ধারালো সুতোয় তাঁর মুখ ক্ষতবিক্ষত হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় অ্যাপ-বাইক চালকই তাঁকে তড়িঘড়ি এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তাঁর ক্ষতস্থানে প্রচুর কাঁচের গুঁড়ো আটকে ছিল। আপাতত তিনি স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

দুর্গাপুরের বাসিন্দা এশা মণ্ডল কাজের সূত্রে কয়েক বছর ধরে কলকাতাতেই থাকেন। ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, সুতোটি মুখে স্পর্শ করতেই যেন ইলেকট্রিকের শক লাগার মতো অনুভূতি হয়েছিল। চশমা পরা থাকায় ভাগ্যক্রমে তাঁর চোখ দুটি বেঁচে যায়, তবে মুখ ও নাকের একাধিক অংশ কেটে ফালা ফালা হয়ে যায়। চিনা মাঞ্জার মারণ ক্ষমতা সম্পর্কে আগে তাঁর স্পষ্ট ধারণা ছিল না জানিয়ে তিনি বলেন, হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে জানান এই সুতোয় আগে অনেকের গলা কেটে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, মা ফ্লাইওভারে চিনা মাঞ্জায় বাইক আরোহীদের রক্তাক্ত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে তপসিয়া সংলগ্ন ফ্লাইওভারের অংশে প্রতিরক্ষামূলক ফেন্সিং বা নেট বসানো হলেও তা যে কতটা অপর্যাপ্ত, এই ঘটনা ফের তা প্রমাণ করে দিল। এমনকি গত বছর কল্যাণী এক্সপ্রেসওয়েতে চিনা মাঞ্জায় গলা কেটে এক প্রাক্তন সেনা জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। চিনা মাঞ্জা ব্যবহারে প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা ও নজরদারি থাকা সত্ত্বেও, এই ধরনের ঘটনা স্পষ্ট করে দেয় যে অসচেতনতা ও প্রশাসনিক ঢিলেঢালা ভাব এখনও দূর হয়নি।

Related Articles