কলকাতা

দুই দশকের দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে কলকাতার মাটিতে পা রাখলেন লেখিকা তসলিমা নাসরিন

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অনুরাগী ও আয়োজক

Truth of Bengal: প্রায় দুই দশকের অপেক্ষার অবসান। দীর্ঘদিন পর ফের কলকাতার মাটিতে পা রাখলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। শহরে ফিরেই আবেগাপ্লুত তসলিমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “খুবই ভালো লাগছে।” কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার খবর শুক্রবার সকালেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন লেখিকা। নিজের স্বভাবসিদ্ধ ভাষায় তিনি লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” সেই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান তিনি।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন অনুরাগী ও আয়োজক। দীর্ঘ বিরতির পর পরিচিত শহরে ফিরে হাসিমুখে সকলের সঙ্গে কথা বলেন তসলিমা। তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল কলকাতায় ফেরার আনন্দ ও আবেগ। শনিবার রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী কবি ও সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর কলকাতায় তসলিমার প্রকাশ্য কর্মসূচি ঘিরে সাহিত্য ও সংস্কৃতি মহলে আগ্রহ তৈরি হয়েছে।

২০০৭ সালে তাঁর লেখা ‘দ্বিখণ্ডিত’ প্রকাশকে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিতর্ক ও অশান্তি ছড়িয়েছিল। বইটির বক্তব্যের প্রতিবাদে শহরের কয়েকটি এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হয়েছিল।তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে বইটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তসলিমাকে কলকাতা ছাড়তে হয়। সেই ঘটনার পর থেকে দীর্ঘ সময় তিনি আর এই শহরে ফিরতে পারেননি। মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় মৌলবাদের বিরোধিতা নিয়ে সেই সময় রাজ্যজুড়ে তীব্র আলোচনা হয়েছিল। প্রায় দু’দশক পর তাঁর কলকাতায় প্রত্যাবর্তনকে তাই শুধু একজন সাহিত্যিকের শহরে ফেরা হিসেবে দেখা হচ্ছে না। মতপ্রকাশের স্বাধীনতা, সাহিত্যচর্চা এবং মৌলবাদের বিরুদ্ধে অবস্থানের নিরিখেও এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Related Articles