কালীঘাটের মিছিলে চরম বিশৃঙ্খলা! ভিড় সামলাতে গিয়ে নিজের দলেরই কর্মীকে চড় মারলেন মমতা
উত্তেজিত ভিড় সামাল দেওয়ার সময় তাঁকে বেশ ক্ষুব্ধ দেখায়
Truth of Bengal: বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল হাজরা। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এদিন বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু করে কালীঘাট তৃণমূল। কিন্তু মিছিল কিছুটা এগোতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। অভিযোগ, মিছিলকে কেন্দ্র করে ‘চোর চোর’ স্লোগান ওঠে। রাস্তার একপাশ থেকে ‘মাছ চোর’ গানও বাজানো হয় বলে দাবি তৃণমূলের। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। তৃণমূলের দাবি, তাদের কর্মীদের মারধর করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতেই পরে কালীঘাটের বাড়ি থেকে বের হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর বাড়ির বাইরে ব্যাপক ভিড় জমে যায়।
ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে মমতাকে ক্ষুব্ধ হতে দেখা যায়। অভিযোগ, বিশৃঙ্খলার মধ্যেই মেজাজ হারিয়ে সামনে থাকা দলেরই এক কর্মীকে সপাটে চড় মারেন তৃণমূলনেত্রী। জানা গিয়েছে, ওই ব্যক্তি তৃণমূলেরই কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য, “ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছেন মমতা। এই ধরনের আচরণ দুর্ভাগ্যজনক। তিনি এখনও মেনে নিতে পারছেন না যে বাংলার মানুষ তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন।”
অন্যদিকে, কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের ঘটনাকে ঘিরে প্রতিবাদকারীদের পক্ষেও সুর চড়ান তিনি। মমতা বলেন, “হাই কোর্টের অনুমতি নিয়ে ছাত্র-যুবরা মিছিল করেছে। সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে ঘুরে বেড়িয়েছে, চিৎকার করেছে, ভয় দেখিয়েছে। ভালো করে সরকার চালাও।”






