মোথাবাড়ি মামলায় অ্যাকশনে NIA! খুনের চেষ্টাসহ একাধিক ধারায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
১১ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে
Truth of Bengal: মোথাবাড়িতে বিচারকদের হেনস্তার মামলার তদন্তে এবার বড় পদক্ষেপ করল এনআইএ। মোথাবাড়ির অশান্তির ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় মঙ্গলবার চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা। বিচারভবনের বিশেষ এনআইএ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। দুটি মামলায় মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে এবং অন্য মামলায় ১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। প্রথম মামলায় ৫৪ পাতার এবং দ্বিতীয় মামলায় ১১ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছে খুনের চেষ্টার মতো গুরুতর ধারাও। এছাড়াও সরকারি কর্মীর উপর হামলা, হেনস্তা, সরকারি কর্মীকে কর্তব্য পালনে বাধা দেওয়া, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। মোথাবাড়ির অশান্তির সময় বিচারকদের হেনস্তার অভিযোগ ঘিরে আগেই শোরগোল পড়েছিল। সেই ঘটনার তদন্তভার হাতে নিয়ে একাধিক তথ্য ও প্রমাণ সংগ্রহ করে এনআইএ। এবার তদন্তের অগ্রগতির ভিত্তিতেই আদালতে চার্জশিট পেশ করা হল।
জাতীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের পর মামলার বিচারপ্রক্রিয়া আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আনা ধারাগুলি অত্যন্ত গুরুতর হওয়ায় আগামী দিনে আদালতের শুনানিতে এই মামলা গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।



