বিরিয়ানিতে মেশানো হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক! সিল হল বনগাঁর দোকান
চাকদহ রোড ও যশোর রোড সংলগ্ন বেশ কয়েকটি বিরিয়ানির দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা
Truth of Bengal: খাবারের মান নিয়ে অভিযোগ ওঠার পর বনগাঁয় হোটেল ও রেস্তরাঁয় অভিযান চালাল প্রশাসন। খাদ্য সুরক্ষা দপ্তর, বনগাঁ পৌরসভা এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের একাধিক খাবারের দোকানে হানা দেওয়া হয়। বিশেষ নজরে ছিল বিরিয়ানির দোকানগুলি। চাকদহ রোড ও যশোর রোড সংলগ্ন বেশ কয়েকটি বিরিয়ানির দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। অভিযানের সময় একটি বিরিয়ানির দোকান সিল করে দেওয়া হয়েছে। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার জানান, খাদ্য সুরক্ষা দপ্তরকে সঙ্গে নিয়ে মোট ছয়টি বিরিয়ানির দোকানে অভিযান চালানো হয়েছে। খাবারের মান নিয়ে কয়েকজন ক্রেতা অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়। মতিগঞ্জ এলাকার একটি দোকানে খাবারের মান নিয়ে সন্দেহ হওয়ায় সেটি সিল করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অভিযোগ, বিরিয়ানির স্বাদ বাড়াতে কিছু দোকানে ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের বক্তব্য, মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না। খাবারে কী ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখতেই নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত, ভাগাড় কাণ্ডের পরও বনগাঁ পৌরসভার বিভিন্ন হোটেলে অভিযান চালানো হয়েছিল। সেই সময় বেশ কয়েকটি হোটেল সিল করা হয়। গ্রেপ্তার করা হয়েছিল কয়েকজন হোটেল মালিককেও। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, গত কয়েক বছরে বনগাঁ শহরে বিরিয়ানির দোকানের সংখ্যা দ্রুত বেড়েছে। এর মধ্যেই খাবারের মান, উপাদান এবং সংরক্ষণ পদ্ধতি নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে।
শুধু স্বাদ বাড়ানোর জন্য অতিরিক্ত বা ক্ষতিকারক সামগ্রী মেশানোর অভিযোগই নয়, একাধিক হোটেলে কয়েকদিন ধরে খাবার ফ্রিজে রেখে পরে তা বিক্রি করার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে শহরের খাবারের দোকানগুলির উপর নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সম্প্রতি বিজেপির কালচারাল সেলের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার কাছে হোটেল ও বিরিয়ানির দোকানগুলির খাবারের মান পরীক্ষা করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরই এদিন অভিযান চালায় পৌরসভা। কালচারাল সেলের সদস্য তুফান বসাক বলেন, মানুষের স্বার্থে সব বিরিয়ানির দোকান এবং হোটেলের খাবারের মান যাচাই করার আবেদন জানানো হয়েছিল। পৌরসভা সেই কাজ শুরু করেছে।

