তারাতলা ট্র্যাজেডিতে মেগা অ্যাকশন! আর্কিটেক্ট ও অয়ন ট্রেডার্সকে ব্ল্যাকলিস্টেড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
“কাউকে রেয়াত করা হবে না, এটা তো মাত্র শুরু!”, তারাতলা ট্র্যাজেডি নিয়ে প্রাক্তন তৃণমূল সরকারকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর
Truth of Bengal: তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডে ৫ তলা গুদাম ও কোল্ডস্টোরেজ ধসে ১৫ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় এবার বড়সড় শাস্তিমূলক পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার দুপুরের দিকে পিডব্লিউডি টেন্ট থেকে আয়োজিত এক জরুরি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, এই ভয়ংকর গাফিলতির জন্য দায়ী মূল নির্মাণকারী সংস্থা ‘অয়ন ট্রেডার্স’ এবং ওই বিল্ডিংয়ের প্ল্যানার বা আর্কিটেক্টকে সরকারিভাবে কালো তালিকাভুক্ত (Blacklisted) করা হল। মুখ্যমন্ত্রী কড়া সুরে বলেন, “কলকাতা পুরসভা থেকে প্ল্যান পাস করা ছিল। কিন্তু নির্মাণকারী সংস্থা এবং আর্কিটেক্টের যে অন-সাইট নজরদারির দায়িত্ব ছিল, তা তারা পালন করেনি। সেই কারণেই এই কঠোর সিদ্ধান্ত।”
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এক বড় আপডেট দিয়ে জানান, গত ৪৮ ঘণ্টা ধরে চলা সেনা ও এনডিআরএফ (NDRF)-এর যুদ্ধকালীন উদ্ধারকাজ আজ, শুক্রবারই সম্পূর্ণ শেষ হতে চলেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে সমস্ত নিথর দেহ এবং আটকে পড়াদের বের করে আনা সম্ভব হয়েছে। সর্বশেষ সরকারি রিপোর্ট অনুযায়ী, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ এবং গুরুতর আহত অবস্থায় কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৩ জন শ্রমিক।
“যারা প্ল্যান নিয়ে প্রতারিত হয়েছেন, সোজা থানায় যান!”
সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর উদ্দেশ্যে এক বড় বার্তা দেন। তিনি বলেন, “কলকাতা বা তার সংলগ্ন পৌরসভা এলাকায় বাড়ি বা গুদামের প্ল্যান নিয়ে যদি কোনো সাধারণ মানুষ প্রোমোটারদের দ্বারা প্রতারিত হয়ে থাকেন, তবে ভয় না পেয়ে নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ জানান। আমাদের সরকার ২৪ ঘণ্টার মধ্যে কড়া অ্যাকশন নেবে। এভাবে যারা নিয়ম ভেঙে বেআইনি নির্মাণ করছে, পুরসভার তরফে তাদের প্রত্যেককে কালো তালিকাভুক্ত করা হবে।”
পোস্তা-গার্ডেনরিচের প্রসঙ্গ তুলে পূর্বতন তৃণমূল সরকারকে তোপ
তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, শম্ভুনাথ বেহেরা কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছরের লিজে এই জমিটি নিয়ে ‘বেহেরা ব্রাদার্স’-এর ব্যানারে গুদাম তৈরি করছিলেন। সেই কাজই সাব-কন্ট্রাক্টে দেওয়া হয়েছিল অয়ন ট্রেডার্সকে। কিন্তু কোনো রকম গুণগত মান বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ছাড়াই টাকার লোভে তাসের ঘরের মতো এই বহুতল দাঁড় করানো হয়েছিল।
এই মেগা কেলেঙ্কারি নিয়ে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “পোস্তা উড়ালপুল থেকে শুরু করে গার্ডেনরিচের বিপর্যয়, পূর্বতন তৃণমূল সরকারের আমলে যে কাটমানি ও সিন্ডিকেট রাজ তৈরি হয়েছিল, তার খেসারত দিতে হচ্ছে আজ। তবে নিশ্চিন্তে থাকুন, এই তারাতলা কাণ্ডের নেপথ্যে থাকা কোনও প্রভাবশালী রাঘববোয়ালকে রেয়াত করা হবে না।” উল্লেখ্য, লালবাজারের সিট (SIT) এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত শম্ভুনাথ বেহেরা ও দালাল আবদুল হামিদ-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়েছে।





