দেশ

মাঝ আকাশে স্রেফ রুট বিভ্রাট নাকি নেপথ্যে অন্য গল্প? পাক সীমান্তে বিমান ঢুকতেই পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

এই অনভিপ্রেত ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের বিমান চলাচল মহলে।

Truth of Bengal: দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই ভারত-পাকিস্তান সীমান্তে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ভারতের আকাশসীমা পেরিয়ে ভুলবশত পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। পাকিস্তানের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) কাছ থেকে জরুরি সতর্কবার্তা পাওয়ার পরপরই পাইলট বিমানটিকে ঘুরিয়ে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসেন। এই অনভিপ্রেত ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের বিমান চলাচল মহলে। ইতিমধ্যেই গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্ত পাইলটকে সাময়িকভাবে ডিউটি রস্টার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) সংশ্লিষ্ট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

জানা গিয়েছে, সোমবার রাতে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু অমৃতসর বিমানবন্দরে অবতরণের ঠিক আগের মুহূর্তে বিপত্তি ঘটে। ‘ফ্লাইট ট্র্যাকিং ডেটা’ অনুযায়ী, ওড়ার পর আটারির কাছে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বিমানটি পাকিস্তানের আকাশসীমার প্রায় দেড় মাইল ভেতরে প্রবেশ করে ফেলে। পাকিস্তানের এটিসি থেকে দ্রুত সতর্কবার্তা আসার পর পাইলট অমৃতসরে নামার ঝুঁকি না নিয়ে বিমানটিকে সরাসরি ভারতের আকাশে ফিরিয়ে এনে দিল্লিতে জরুরি অবতরণ করান। বিমানটি দুই মিনিটেরও কম সময় পাকিস্তানের আকাশসীমায় ছিল বলে জানা গিয়েছে। এরপর দিল্লিতে কারিগরি পরীক্ষা ও পরিস্থিতি পর্যালোচনা শেষে রাত ২টো ২০ নাগাদ বিমানটি অবশেষে অমৃতসরে নিরাপদে পৌঁছায়।

বিমানবন্দর সূত্রের খবর, রাত ৯টা ১৮ মিনিটে দিল্লি থেকে ওড়ার পর এক ঘণ্টার মধ্যে বিমানটির অমৃতসরে নামার কথা ছিল। কিন্তু উড়ানের ‘নেভিগেশন সিস্টেমে’ হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি মূলত পথ হারিয়ে ফেলে। বিমানবন্দরের আধিকারিক ভূপেন্দ্র সিং জানান, সাধারণত আকাশসীমায় এমন বিচ্যুতি অস্বাভাবিক কিছু নয়, তবে ফেরার পথে বিমানটি পুরোপুরি স্থিতিশীল না থাকায় অমৃতসরে না নামিয়ে দিল্লিতে ফেরত পাঠানো হয়েছিল। তিনি আরও যোগ করেন, এটিসি-র তরফে পাইলটকে ভারতের আকাশসীমার নিরাপদ দূরত্বে (১৩ ডিএমই পয়েন্ট) চক্কর কাটার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট সেই নির্দেশ এড়িয়ে বিমানটিকে সামনে এগিয়ে নিয়ে যান এবং ভুলবশত বাম দিকে মোড় নেওয়ায় তা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। এই গুরুতর গাফিলতির কারণেই পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সহ সামগ্রিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Related Articles