আকাশ কালো করে নামল বৃষ্টি, দক্ষিণে ঝড়ের দাপট তো উত্তরে ‘লাল সতর্কতা’
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও স্বস্তির পাশাপাশি রয়েছে ঝড়ের পূর্বাভাস।
Truth of Bengal: রবিবার বেলা বাড়তেই হঠাৎ বদলে গেল কলকাতার আকাশ। ঘড়ির কাঁটায় ১১টা বাজতেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আকাশ কালো করে ঝেঁপে নামল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলা— বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং নদিয়ায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও স্বস্তির পাশাপাশি রয়েছে ঝড়ের পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলাতেও আজ দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আজ এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। মেঘলা আকাশ আর এই ঝোড়ো হাওয়ার জেরে গরমের অস্বস্তি কিছুটা কমলেও, বজ্রপাতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কার্যত বড়সড় দুর্যোগের মুখে পড়েছে উত্তরের জেলাগুলো। আজ, রবিবার পর্যন্ত সেখানে লাল সতর্কতা (Red Alert) জারি রাখা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে; এমনকি কিছু কিছু অংশে ২০০ মিলিমিটারের চেয়েও বেশি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহারে আজ হলুদ সতর্কতাও জারি রয়েছে এবং আবহাওয়া দপ্তরের মতে, উত্তরবঙ্গের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে।






