দু’দিনের বঙ্গসফরে নরেন্দ্র মোদি, কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?
আজ, ২০ জুন, ওড়িশার কর্মসূচি শেষ করে কলাইকুন্ডায় পৌঁছবেন প্রধানমন্ত্রী
Truth of Bengal: দু’দিনের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ ও ২১ জুন রাজ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আজ, ২০ জুন, ওড়িশার কর্মসূচি শেষ করে কলাইকুন্ডায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে তাঁর যাওয়ার কথা তারকেশ্বরে। শুক্রবার বিকেলে তারকেশ্বরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। দুপুর ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মোদির। তারকেশ্বরের কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে তিনি রেস কোর্সে ফিরবেন। সেখান থেকে সড়কপথে যাবেন লোক ভবনে।

পরদিন, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মেগা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। রেড রোডের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী লোক ভবন হয়ে যাবেন গার্ডেনরিচে। সেখানে তিনটি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। জাহাজগুলির নাম আইএনএস ডুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস আগ্রে। গার্ডেনরিচের কর্মসূচি শেষ করে মোদি ফিরবেন রেস কোর্সে। সেখান থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে যাবেন তিনি। পরে বিশেষ বিমানে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, “বাংলার সরকার স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে।” সেই অনুযায়ী রেড রোডে চলছে জোর প্রস্তুতি। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে ক্রীড়া জগতের প্রায় ১০০০ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দেশ-বিদেশের বহু আমন্ত্রিতও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।






