‘দিদি ছাড়লে অনাথের মতো ঘুরে বেড়াব!’ স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলবদলের মাঝেই আবেগঘন বার্তা নয়নার
নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নিয়েছেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়
Truth of Bengal: তৃণমূলের ‘বিদ্রোহী’ ২০ জন সাংসদ এনসিপিআই-এ মিশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সেই বিদ্রোহী তালিকায় শেষ মুহূর্তে নাম লেখান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তাঁকে এবং তাঁর স্ত্রী তথা চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবার সেই মন্তব্যের জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন নয়না। নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নিয়েছেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। সেই কারণে তাঁকে টেনে এনে কটূক্তি করা উচিত হয়নি। কুণাল ঘোষের মন্তব্যে তাঁর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নয়নার বক্তব্য, এই বিষয়টি তিনি দলের নেতৃত্বকে জানাবেন।
বিদ্রোহী সাংসদদের তালিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত হওয়ার পরই এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০। সেই প্রেক্ষিতেই সুদীপকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলবদল মানে “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।” তাঁর মন্তব্যে নয়না বন্দ্যোপাধ্যায়কেও ইঙ্গিত করা হয় বলে অভিযোগ। কুণালের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন নয়না। তৃণমূলে ভাঙনের আবহে নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেন চৌরঙ্গীর বিধায়ক। তিনি জানান, তিনি কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। তাঁর কথায়, “আমি কোনওদিন দিদিকে ছাড়ব না। দিদি যদি আমাকে ছেড়ে দেন, তাহলে অনাথের মতো ঘুরে বেড়াব। কিন্তু আমি নিজে থেকে ওঁকে ছাড়ব না।”
নয়না আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে আমি কোথাও যাব না। সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করেছেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।” রাজনৈতিক মহলের মতে, সুদীপের বিদ্রোহী শিবিরে যোগদানের পর নয়নার এই বক্তব্য তৃণমূলের অন্দরমহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে স্বামীর সিদ্ধান্ত থেকে নিজেকে আলাদা করলেন তিনি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আনুগত্যও স্পষ্ট করে দিলেন।





