দেশ

কর্তব্যরত অবস্থাতেই দিল্লিতে দুর্ঘটনায় মৃত্যু ট্র্যাফিক কনস্টেবলের

শনিবারের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।

Truth of Bengal: দিল্লির কাশ্মীরি গেট এলাকায় কর্তব্যরত অবস্থায় এক ট্র্যাফিক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি ভাবে চলা একটি স্কুটারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ার পর পিছন দিক থেকে আসা একটি মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ওই পুলিশকর্মী। শনিবারের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।

মৃত কনস্টেবলের নাম অনিল কুমার। তিনি রাজস্থানের কোটপুতলি জেলার জাতগনওয়ারা গ্রামের বাসিন্দা ছিলেন। চাকরির সূত্রে দিল্লিতে থাকতেন এবং ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনার খবর ইতিমধ্যেই তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দিল্লির আইএসবিটি কাশ্মীরি গেট এলাকার রিং রোডে দায়িত্ব পালন করছিলেন হেড কনস্টেবল অনিল কুমার। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। স্কুটারটিতে তিন জন আরোহী ছিলেন, যা ট্র্যাফিক আইন বিরোধী। ধাক্কার জেরে অনিল রাস্তায় ছিটকে পড়েন।

ঠিক সেই মুহূর্তে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি মিনি ট্রাক তাঁকে পিষে দেয়। আচমকা দুর্ঘটনার কারণে ট্রাকচালক গাড়ি থামানোর সুযোগ পাননি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনার পর ট্রাকচালককে আটক করেছে পুলিশ। তবে স্কুটারের তিন আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় অনিল কুমারকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক স্কুটার আরোহীদের শনাক্ত করার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা দিল্লিতে পৌঁছানোর পর তাঁদের হাতে দেহ তুলে দেওয়া হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার রাজধানীতে বেপরোয়া যান চলাচল এবং ট্র্যাফিক আইন লঙ্ঘনের বিপজ্জনক পরিণতি সামনে এনে দিল।

 

Related Articles