‘ক্ষুধার্ত হায়না’র মতো শত্রুনিধন, ট্রেলারে সলমন-শাহরুখের অ্যাকশনকে টেক্কা আলিয়ার!
বুধবার এই বহুপ্রতীক্ষিত ছবির প্রথম ঝলক বা ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনেদুনিয়া থেকে দর্শকমহল—সর্বত্র তুমুল শোরগোল পড়ে গিয়েছে
Truth of Bengal: যশরাজ ফিল্মসের (YRF) পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সের একাধিপত্যে এবার থাবা বসাতে আসছেন ‘আলফা ওম্যান’ আলিয়া ভাট। ২০২৪ সালেই খবর মিলেছিল যে আদিত্য চোপড়ার হাত ধরে এবার বলিউডের গোয়েন্দা ব্রহ্মাণ্ডে এক বিরাট বদল আসতে চলেছে। হলিউডের ‘হার্ট অফ স্টোন’ ছবির পর ফের একবার ‘রাফ অ্যান্ড টাফ’ অ্যাকশন অবতারে বড় পর্দা কাঁপাতে প্রস্তুত কাপুরদের পুত্রবধূ। বুধবার এই বহুপ্রতীক্ষিত ছবির প্রথম ঝলক বা ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনেদুনিয়া থেকে দর্শকমহল—সর্বত্র তুমুল শোরগোল পড়ে গিয়েছে।
এর আগে যশরাজের স্পাই ইউনিভার্সে ক্যাটরিনা কাইফ (টাইগার ফ্র্যাঞ্চাইজির জোয়া), দীপিকা পাড়ুকোন (পাঠান-এর রুবিনা) কিংবা কিয়ারা আডবানি (ওয়ার ২)—প্রত্যেকেই নজর কেড়েছেন। তবে তাঁরা প্রত্যেকেই ছিলেন সলমন, শাহরুখ বা হৃতিকের মতো সুপারস্টার খচিত সিনেমার অংশ। আলিয়া ভাটের ‘আলফা’ এখানেই আলাদা। এটি সম্পূর্ণ মহিলা কেন্দ্রিক একটি স্পাই থ্রিলার, যেখানে আলিয়া ও তাঁর সঙ্গী শর্বরী ওয়াঘের কাঁধেই এগিয়েছে গোটা গল্প। এই ছবির জন্য দীর্ঘদিন ধরে গোপনে মার্শাল আর্টস ও অ্যাকশনের কঠিন প্রশিক্ষণ নিতে হয়েছে আলিয়াকে।
টিজারের শুরুটা বেশ চমকপ্রদ। এক রেস্তোরাঁয় মুখোমুখি বসে গল্পে মগ্ন পিতা ও পুত্রী। দিনটি আসলে আলিয়া তথা ‘আলফা’কন্যার ১৮ বছরের জন্মদিন। কিন্তু এই বিশেষ দিনেই যে তাঁর জীবনের মোড় ঘুরে যাবে, তা সে ভাবতেও পারেনি। সাবালিকা হতেই বাবার কাছ থেকে জন্মদিনের উপহার হিসেবে আসে এক অতি বিপজ্জনক ‘সিক্রেট মিশন’-এর নির্দেশ।আসলে এই ছবিতে আলিয়ার বাবার ভূমিকায় অভিনয় করছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত ববি দেওল। তবে তিনি কেবল বাবা নন, বরং আলিয়ার তুখড় প্রশিক্ষকও বটে। বাবার নির্দেশ পাওয়া মাত্রই বাধ্য শিষ্যের মতো মুহূর্তের মধ্যে ভোল বদলে যায় আলিয়ার। এরপর শুরু হয় একের পর এক শত্রু নিকেশ করার পালা।
ট্রেলারে স্বল্প দৈর্ঘ্যের যে সমস্ত অ্যাকশন সিকোয়েন্স বা মারপিটের দৃশ্য দেখানো হয়েছে, তাতেই আলিয়া নিজের পারদর্শিতার প্রমাণ দিয়েছেন। ক্ষিপ্রতা আর চোখের চাউনিতে আলিয়া যেন এক ‘ক্ষুধার্ত হায়না’, যার অ্যাকশন স্টাইলের সঙ্গে অনায়াসে যশরাজের বাকি ফ্র্যাঞ্চাইজির ধুরন্ধর গোয়েন্দা শাহরুখ বা সলমনের তুলনা টানা চলে। ছবির ট্রেলার দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞদের একাংশের দাবি, বড় পর্দায় ববি দেওলের মতো বলিষ্ঠ অভিনেতার উপস্থিতি থাকা সত্ত্বেও স্ক্রিনজুড়ে একক রাজত্ব করবেন আলিয়াই। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘আলফা’। এখন দেখার, বক্স অফিসে এই মহিলা গোয়েন্দা জুটি ‘টাইগার’ বা ‘পাঠান’-এর রেকর্ড ভাঙতে পারে কি না।






