অগ্নিমূল্য বাজারেই ফের ছ্যাঁকা! একধাক্কায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের
৩ মাসের মধ্যে দ্বিতীয়বার কোপ! রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু কত টাকা বাড়াল কেন্দ্র?
Truth of Bengal: নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামের বাজারে আমজনতার পকেটে ফের একবার বড়সড় কামড় বসাল কেন্দ্র সরকার। মধ্যবিত্তের রান্নার খরচ বাড়িয়ে একধাক্কায় অনেকটাই বাড়ানো হল বাড়িতে ব্যবহৃত এলপিজি (LPG Gas Cylinder Price Hike) সিলিন্ডারের দাম। গত তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মূল্যবৃদ্ধির কোপ পড়ল সাধারণ মানুষের হেঁশেলে। জানা গিয়েছে, শনিবার মধ্যরাত থেকেই ১৪.২ কেজি ওজনের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম একলপ্তে ২৯ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রবিবার সকাল থেকেই কার্যকর হয়ে গিয়েছে নতুন এই বর্ধিত দাম।
কলকাতায় কত হল নতুন দাম?
শনিবারের এই মেগা মূল্যবৃদ্ধির ফলে তিলোত্তমা কলকাতায় ১৪.২ কেজি ওজনের গৃহস্থালির রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা থেকে বেড়ে একলাফে দাঁড়িয়েছে ৯৬৮ টাকা। অর্থাৎ সিলিন্ডার পিছু গ্রাহকদের এখন অতিরিক্ত ২৯ টাকা গুণতে হবে। তবে মধ্যবিত্তের জন্য এই দুঃসংবাদের মাঝে বাণিজ্যিক ক্ষেত্রে কিছুটা স্বস্তি রয়েছে। ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এবার আর নতুন করে বাড়ানো হয়নি, তা অপরিবর্তিতই রাখা হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, আন্তর্জাতিক বাজারের যে পরিস্থিতি, তাতে এটাই শেষ নয়। আগামী দিনে পেট্রল-ডিজেলের মতো দফায় দফায় আরও বাড়তে পারে রান্নার গ্যাসের দাম।
নেপথ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্বব্যাপী জ্বালানি সংকট
আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং অশোধিত তেলের দামের ওপরই মূলত রান্নার গ্যাসের দাম নির্ভর করে। তবে গত কয়েক মাস ধরে পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ এবং ভূরাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্বব্যাপী এক চরম জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বাজারে। এর আগে গত ৭ মার্চ আন্তর্জাতিক চাপের কারণে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম একঝটকায় ৬০ টাকা বৃদ্ধি পেয়েছিল। এবার জুন মাসে এসে বাড়ল আরও ২৯ টাকা।
অন্যদিকে, গত তিন মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেশ কয়েকবার হু হু করে বেড়েছে। গত ৩১ মে শেষবার একধাক্কায় ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। যার ফলে বর্তমানে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়ে রয়েছে ৩২৫৫ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার কারণে ইতিমধ্যেই হোটেল-রেস্তোরাঁর খাবারের দাম আমজনতার নাগালের বাইরে চলে যাচ্ছিল। এবার গৃহস্থালির রান্নার গ্যাসের দামও হাজার টাকার দোরগোড়ায় পৌঁছে যাওয়ায়, মধ্যবিত্তের মাসিক বাজেটের যে দফারফা হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।




