কলকাতা

সন্দীপনের বাড়ির সামনে ধুন্ধুমার! প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে FIR নব্য তৃণমূলের

বিধায়ক সন্দীপন সাহার বাড়ি ঘেরাও নিয়ে তোপ ঋতব্রতর! প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, শুভেন্দুর কোর্টে বল ঠেলল নব্য তৃণমূল

Truth of Bengal: ছাব্বিশের বঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘নব্য তৃণমূল’ ও বিজেপির রাজনৈতিক চাপানউতোর এবার এক নজিরবিহীন রূপ নিল। চুরির নালিশ, তোলাবাজি ও বেআইনি নির্মাণের গুরুতর অভিযোগে এন্টালির বিধায়ক তথা বিধানসভার নবনিযুক্ত বিরোধী ডেপুটি লিডার সন্দীপন সাহার বাসভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এবার এই হাই-ভোল্টেজ ইস্যুতে সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে ময়দানে নামলেন নব্য তৃণমূলের পরিষদীয় দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

“অন্য কেন্দ্র থেকে লোক এনে সকালে অরাজকতা সৃষ্টি করা হয়েছে”

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে ‘অনভিপ্রেত’ এবং ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দেন। প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “আপনারা সকলেই জানেন যে, এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে এক জঘন্য নাটক করা হয়েছে। প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে অন্য এলাকা থেকে বহিরাগত লোক নিয়ে এসে সকাল সাড়ে ৮টা থেকে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমরা এই কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা করছি।”

ঋতব্রত আরও জানান, এই ঘটনার পরই বিধায়ক সন্দীপন সাহা নিজে নিউ মার্কেট থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ (Formal Complaint) দায়ের করেছেন।

“সিসিটিভি ফুটেজ আছে, প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক”

সাংবাদিক বৈঠক থেকে সরাসরি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কোর্টে বল ঠেলে দিয়েছেন ঋতব্রত। তাঁর কথায়, “একজন নির্বাচিত বিধায়ক, যিনি আবার পরিষদীয় দলের ডেপুটি লিডার, তাঁর এবং তাঁর প্রবীণ বাবার সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে। আমাদের কাছে পুরো ঘটনার সিসিটিভি (CCTV) ফুটেজ রয়েছে। আমাদের বিশ্বাস, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিশ্চিতভাবে এই ধরণের অরাজকতা ও গুন্ডামিকে রাজনৈতিকভাবে সমর্থন করবেন না। যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসন যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে, এটাই আমাদের অনুরোধ।”

ব্যক্তিগত ক্ষোভ নাকি রাজনৈতিক চাল? প্রশ্ন ঋতব্রতর

প্রিয়াঙ্কা টিবরেওয়ালের এই আন্দোলনকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে ঋতব্রত প্রশ্ন তোলেন, “প্রিয়াঙ্কা টিবরেওয়াল এই ঘটনা রাজনৈতিকভাবে ঘটিয়েছেন নাকি নিজের ব্যক্তিগত ক্যাপাসিটিতে করেছেন, সেটা আগে ওনাকে স্পষ্ট করতে হবে। আমরা বিজেপির রাজনৈতিক বিরোধী, কিন্তু সেই বিরোধিতা রাজনীতির ময়দানে হওয়া উচিত। কারও বাড়ির সামনে গিয়ে এমন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আইন যে নিজের পথে চলে উপযুক্ত ব্যবস্থা নেবে, সেই ভরসা আমাদের আছে।” সব মিলিয়ে, এন্টালির এই বিধায়কের বাড়ি ঘেরাও মামলাকে কেন্দ্র করে বঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ কোন দিকে ঘোরে, সেটাই এখন দেখার।

Related Articles