কলকাতারাজ্যের খবর

তীব্র দাবদাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস, তবে কাটবে না ভ্যাপসা গরম

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।

Truth of Bengal: তীব্র গরমে নাজেহাল কলকাতাবাসীর জন্য অবশেষে কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন এলাকার কয়েকটি জায়গায় বজ্রগর্ভ মেঘের প্রভাবে ঝোড়ো হাওয়া-সহ হালকা বৃষ্টি হতে পারে।

তবে এই স্বস্তি খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। দুপুরের পর আকাশ পরিষ্কার হলে ফের কড়া রোদ এবং আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

গত কয়েক দিন ধরেই কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। শনিবারও দিনভর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেছেন শহরবাসী। ওই দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি থেকে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

কলকাতায় সাময়িক বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনই গরম থেকে পুরোপুরি রেহাই মিলছে না। আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টির পর বাতাসে আর্দ্রতা আরও বেড়ে গেলে গুমোট গরমে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে চরম অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলপাইগুড়ি এবং কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সব মিলিয়ে উত্তরবঙ্গে বর্ষার আমেজ ক্রমশ জোরালো হলেও দক্ষিণবঙ্গ ও কলকাতায় এখনও গরমের অস্বস্তি কাটছে না। কলকাতায় হালকা বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও স্থায়ীভাবে তাপমাত্রা কমবে কি না, সেদিকেই এখন নজর শহরবাসীর।

Related Articles