রাজ্যের খবর

‘ভিতরে বসে গণ্ডগোল পাকাচ্ছে তৃণমূল!’ অন্নপূর্ণার টাকা না পেয়ে ক্ষুব্ধ মহিলাদের আশ্বাস মন্ত্রীর

অগ্নিমিত্রা বলেন, বিপুল সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন

Truth of Bengal: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছনোয় ক্ষোভ বাড়ছে বিভিন্ন জেলায়। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরেও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল। টাকা না পাওয়া মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে পরিস্থিতি সামাল দিতে নামেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে গোটা সমস্যার পিছনে তৃণমূলের একাংশের ভূমিকা থাকতে পারে বলেও অভিযোগ তোলেন তিনি। অগ্নিমিত্রা বলেন, বিপুল সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। এত আবেদন আপলোড ও যাচাই করতে কিছুটা সময় লাগতে পারে। তাই উপভোক্তাদের ধৈর্য ধরার আবেদন জানান তিনি। এরপরই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মন্ত্রী। তাঁর দাবি, প্রশাসনের ভিতরে এখনও তৃণমূলের সঙ্গে যুক্ত কিছু লোক রয়েছেন এবং তাঁরা ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছেন। বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও জানাবেন বলে জানান অগ্নিমিত্রা।

এর আগে বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়িও একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, যোগ্য আবেদনকারীদের একটি অংশকে পরিকল্পিতভাবে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে দূরে রাখা হচ্ছে। সেই কারণেই বিভিন্ন জায়গায় ক্ষোভ ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। শুক্রবার পূর্বনির্ধারিত প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে যান অগ্নিমিত্রা পাল। দপ্তরে ঢোকার সময়ই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলারা। আবেদন করা সত্ত্বেও কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই প্রশ্ন তোলেন তাঁরা। এরপর মন্ত্রী জেলাশাসকের দপ্তরে বৈঠকে বসেন। কিন্তু বিক্ষোভ চলতে থাকায় দুপুর আড়াইটে নাগাদ বৈঠক সাময়িকভাবে মুলতুবি করেন তিনি। জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং বিধায়ক শংকর গুছাইতকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের কাছে যান অগ্নিমিত্রা।

মহিলাদের অভিযোগ শোনার পর তাঁদের এনরোলমেন্ট নম্বর সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জমা দিতে বলেন মন্ত্রী। প্রতিটি আবেদন যাচাই করে সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়। অগ্নিমিত্রার আশ্বাসের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।তবে মন্ত্রীর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ অগ্নিমিত্রার দাবি খারিজ করে পাল্টা অভিযোগ করেছেন, ভোটের আগে বড় প্রতিশ্রুতি দিলেও বর্তমান সরকার বহু মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত করেছে। ফলে অন্নপূর্ণা যোজনার অর্থবণ্টনকে কেন্দ্র করে প্রশাসনিক সমস্যার পাশাপাশি এবার রাজনৈতিক তরজাও আরও তীব্র হল।

Related Articles