রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তকে সম্মান জ্ঞাপন আইআইটি খড়্গপুরের

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ডঃ সুব্রত গুপ্ত।

Truth of Bengal: পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই রাজনৈতিক পালাবদল ঘটেছে। তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সাধারণ মানুষের বিপুল সমর্থনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ‌রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ডঃ সুব্রত গুপ্ত।

এবার তাঁর এই সাফল্যে শুভেচ্ছা জানাল আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, আইআইটি খড়্গপুরের প্রাক্তনী ডঃ সুব্রত গুপ্তকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হওয়ায় গোটা প্রতিষ্ঠান গর্বিত।আইআইটি খড়্গপুর সূত্রে জানা গিয়েছে, ডঃ গুপ্ত ১৯৮৭ সালে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বি.টেক সম্পূর্ণ করেন।

এরপর ১৯৮৯ সালে এম.টেক এবং ১৯৯৮ সালে একই বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বদানের দক্ষতা এবং জনকল্যাণমূলক কাজের প্রতি অঙ্গীকারের প্রশংসাও করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। এবারের বিধানসভা নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। প্রতিবার বিধানসভা বা লোকসভা নির্বাচনে সন্ত্রাসকে সঙ্গী করেই নির্বাচন অনুষ্ঠিত হতো। এবারে সিইও মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে বিধানসভা নির্বাচন হয়েছে সম্পূর্ণ রক্তপাত বিহীন। বিপুল পরিমাণ ভোট পড়েছে। সিইও ছাড়াও যার হাতে নির্বাচন অনুষ্ঠিত করার দায়িত্ব ছিল, তিনি হলেন সুব্রত গুপ্ত। নির্বাচন পরবর্তী অধ্যায় সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।আইআইটি খড়্গপুরের বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ডঃ গুপ্তর এই নিয়োগ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পাশাপাশি তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছে প্রতিষ্ঠান।

Related Articles