নন্দীগ্রামে পঞ্চায়েত সদস্যপদ ছাড়লেন পবিত্র কর
জানা গিয়েছে, নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন পবিত্র কর।
Truth of Bengal: রঞ্জন মাইতি, নন্দীগ্রাম: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের রাজনৈতিক জল্পনা তুঙ্গে। গ্রাম পঞ্চায়েতের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর এবং তাঁর স্ত্রী শিউলি কর। জানা গিয়েছে, নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন পবিত্র কর। অন্যদিকে একই গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর বুথ থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন শিউলি কর। পরবর্তীতে শিউলি কর বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বও সামলান।
ব্লক প্রশাসন সূত্রে খবর, গত ১৫ মে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার আবেদন জানান পবিত্র কর। একই দিনে পৃথকভাবে অসুস্থতার কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন শিউলি করও। নন্দীগ্রাম-২ ব্লক প্রশাসনের পক্ষ থেকে দু’জনের আবেদন গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পবিত্র কর ও শিউলি কর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যদিও বিজেপির টিকিটে জয়ী হওয়া সত্ত্বেও তাঁরা তখন পঞ্চায়েত সদস্যপদ ছাড়েননি। পরে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পবিত্র কর। তবে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র কাছে পরাজিত হন। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, তৃণমূলে যোগদানের আগে বিজেপির টিকিটে জয়ী হওয়া পদ ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। এখন চাপে পড়ে পদ ছাড়তে হচ্ছে। ঘটনাকে ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

