দেশ

মাঝ আকাশে আতঙ্ক, আমস্টারডম-হায়দরাবাদ বিমানে বোমাতঙ্ক

পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট হায়দরাবাদ বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

Truth of Bengal: নেদারল্যান্ডসের আমস্টারডম বিমানবন্দর থেকে হায়দরাবাদগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় মাঝ আকাশেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সূত্রের খবর, বিমানটি আমস্টারডম ছাড়ার কিছুক্ষণ পরেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় বিমানে বোমা রয়েছে এবং যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। সূত্র অনুযায়ী, ওই ইমেলে উল্লেখ করা হয় কুয়ালা লামপুর এয়ারওয়েজের হায়দরাবাদগামী বিমানটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। বার্তা পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিমানটিকে সতর্ক করে। ইমেলে আরও দাবি করা হয়, গন্তব্যে পৌঁছনোর আগেই বিস্ফোরণ ঘটতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই বিমানের ভিতরে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট হায়দরাবাদ বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। সঙ্গে সঙ্গেই শামসাবাদ বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। বিমানবন্দরে অ্যাম্বুল্যান্স, দমকল এবং উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও প্রস্তুত রাখা হয় সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে। শেষ পর্যন্ত পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করান। এরপর যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে আনা হয় এবং নিরাপত্তা বাহিনী বিমানটি তন্ন তন্ন করে তল্লাশি চালায়। তবে প্রাথমিকভাবে কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক মেলেনি বলে সূত্রের খবর।

এদিকে এই ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ শামসাবাদ বিমানবন্দরে এটি বোমাতঙ্কের তৃতীয় ঘটনা বলে জানা যাচ্ছে। এর আগেও একাধিকবার একই ধরনের আতঙ্ক ছড়িয়েছে। শনিবারও মালয়েশিয়া থেকে হায়দরাবাদগামী এয়ার এশিয়ার একটি বিমানে বোমাতঙ্ক তৈরি হয়েছিল। যদিও সেবারও তল্লাশিতে কোনও বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সূত্রে খবর, এই ইমেল কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ইমেল প্রেরকের পরিচয় শনাক্ত করতে সাইবার বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলি তৎপরতা শুরু করেছে। ক্রমাগত বোমাতঙ্কের ঘটনায় বিমান নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ বাড়ছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক আরও গভীর হচ্ছে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

Related Articles