দেশ

জ্বালানির ছ্যাঁকায় মাথায় হাত আমজনতার! দিল্লি এনসিআর-এ সিএনজি-র লাগাতার মূল্যবৃদ্ধি

গত তিন দিনের ব্যবধানে রাজধানীতে প্রতি কেজি সিএনজি-র দাম মোট ৩ টাকা বাড়ল।

Truth of Bengal: দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চল (NCR)-এ ফের সস্তা জ্বালানি সিএনজি (CNG)-র দাম একধাক্কায় অনেকটাই বেড়ে গেল। গত শুক্রবারই দেশের রাজধানীতে এই পরিবেশবান্ধব জ্বালানির দাম প্রতি কেজিতে ২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু সেই ধাক্কা সামলে ওঠার আগেই, মাত্র দু’দিনের ব্যবধানে রবিবার সকাল থেকে সিএনজি-র দাম আরও ১ টাকা বাড়িয়ে দেওয়া হলো। এর ফলে গত তিন দিনের ব্যবধানে রাজধানীতে প্রতি কেজি সিএনজি-র দাম মোট ৩ টাকা বাড়ল।

দিল্লি ও সংলগ্ন এলাকায় গণপরিবহণের প্রধান ভরসা তথা অটো এবং অ্যাপ-ক্যাবের জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহৃত হওয়ায়, এই লাগাতার মূল্যবৃদ্ধির জেরে এবার সাধারণ নিত্যযাত্রীদের পকেটে বড় কোপ পড়তে চলেছে। খুব শীঘ্রই অটো ও ট্যাক্সির ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আমজনতা।

দাম বাড়ার এই নতুন খতিয়ান অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে এক কেজি সিএনজি-র দাম ছিল ৭৭ টাকা ৯ পয়সা। শুক্রবার সকাল থেকে ২ টাকা দাম বেড়ে তা দাঁড়ায় ৭৯ টাকা ৯ পয়সায়। এরপর রবিবারের নতুন দাম কার্যকর হওয়ার পর দিল্লিতে এখন ১ কেজি সিএনজি কিনতে খরচ হচ্ছে ৮০ টাকা ৯ পয়সা। রাজধানীর পাশাপাশি দিল্লির পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ ও হরিয়ানার সংলগ্ন এলাকাগুলিতেও দামের পারদ চড়েছে। নতুন তালিকায় নয়ডা এবং গাজিয়াবাদে প্রতি কেজি সিএনজি-র দাম দাঁড়িয়েছে ৮৮ টাকা ৭০ পয়সা। এছাড়া মুজফ্‌ফরনগর এবং মেরঠে পরিবর্তিত দাম হয়েছে ৮৮ টাকা ৫৮ পয়সা এবং হরিয়ানার গুরুগ্রামে প্রতি কেজি সিএনজি বিকোচ্ছে ৮৫ টাকা ১২ পয়সায়।

Related Articles