সোশাল মিডিয়া-আইটি সেলের কর্মীদের সঙ্গে বৈঠক মমতা-অভিষেকের
সেই কমিটিতে দেবাংশু ভট্টাচার্য ছাড়াও আরও ৫ জন সদস্য রয়েছেন।
Truth of Bengal: রাজ্যের শাসক দল বিজেপিকে গণতান্ত্রিক পথেই জবাব দিতে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলের সোশাল মিডিয়া ও আইটি সেলের কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে আগামী দিনের লড়াইয়ে দলের কর্মীদের দিকনির্দেশ করেন দলের শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, পুরনো আইটি সেলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নয়া কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে দেবাংশু ভট্টাচার্য ছাড়াও আরও ৫ জন সদস্য রয়েছেন। কমিটিতে রয়েছেন, উপাসনা চৌধুরী, দেবাংশু ভট্টাচার্য্য, সৌরভ দাস, নবারুন ভট্টাচার্য্য, নীলাঞ্জন দাস, অরিজিৎ দাস ঠাকুর।
মানুষের পাশে থেকে লড়াইয়ের ডাক দেওয়া হয় এদিনের বৈঠকে। এই বৈঠক নিয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘আজ আমাদের সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের কর্মীদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করলেন মাননীয়া সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক অধিকারকে মর্যাদা না দিয়ে বাংলা-বিরোধী বিজেপি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে উদ্যত। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আজ পর্যালোচনা বৈঠকে আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বাংলা-বিরোধী বিজেপিকে গণতান্ত্রিক পথেই যোগ্য জবাব দেওয়া হবে।’
নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেস। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। ভয়ে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। বহু এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকরা ঘরছাড়া। এরকম কঠিন সময়ে দলের কর্মীদের পাশে থেকে আগামী দিনে গণতান্ত্রিক পথে লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন। এর আগে কালীঘাটের বাসভবনে দলীয় কার্যালয়ে দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের কর্মীদের শৃঙ্খলা বজায় রেখে লড়াই সংগ্রামে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তৃণমূল নেত্রী। বিজেপি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে বলে অভিযোগ করেছেন তাঁরা। মানুষের অধিকারের লড়াই চলবে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।






