কলকাতা

ধাবা বন্ধ তবুও আয় কোটি কোটি! সুজিত বসুর ‘রহস্যময়’ সম্পত্তি নিয়ে আদালতে বিস্ফোরক ইডি

লকডাউনে ধাবা বন্ধ, তাও পকেটে কোটি কোটি! সুজিত বসুর ‘আয়ের ম্যাজিক’ দেখে থমকে গেল ইডি

Truth of Bengal: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করল ইডি। আর প্রথম দিনেই মন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। ইডির দাবি, সুজিত বসু ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ অর্থের হদিশ মিলেছে, তার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি প্রাক্তন মন্ত্রী।

লকডাউন ও ধাবা রহস্য

আদালতে ইডির আইনজীবী সবচেয়ে বড় যে অভিযোগটি তোলেন, তা হলো সুজিত বসুর মালিকানাধীন রেস্তরাঁ বা ধাবা সংক্রান্ত। তদন্তকারীদের দাবি, করোনা অতিমারির সময় যখন দেশজুড়ে লকডাউন চলছিল এবং সমস্ত হোটেল-ধাবা বন্ধ ছিল, সেই সময়ও সুজিতের সেই ব্যবসা থেকে কোটি কোটি টাকা আয় হয়েছে। এই ‘রহস্যময়’ আয়ের উৎস আসলে নিয়োগ দুর্নীতির টাকা কি না, তা খতিয়ে দেখতে চায় ইডি।

অয়ন শীলের ডিজিটাল যোগ

ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল তথ্যপ্রমাণে সুজিত বসুর নাম পাওয়া গিয়েছে। তিনি একাধিক অযোগ্য চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছিলেন বলে অভিযোগ। এছাড়া নিতাই দত্ত নামক এক ব্যক্তির সঙ্গেও সুজিতের আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। ইডির আইনজীবীর বয়ানে, “সুজিত বসু একজন প্রভাবশালী ব্যক্তি। তাঁকে এখন জামিন দিলে তিনি তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।” এই যুক্তিতে সুজিতের ১০ দিনের হেফাজত চেয়েছে ইডি।

পাল্টা সওয়াল সুজিতের আইনজীবীর

অন্যদিকে, প্রাক্তন মন্ত্রীর আইনজীবী এই গ্রেফতারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, যে নথির কথা ইডি বলছে, তা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে উদ্ধার হয়েছে। তবে ২০২৬ সালের মে মাসে এসে কেন এই গ্রেফতারি? সুজিতের আইনজীবীর অভিযোগ, এই গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তিনি আরও জানান, সিবিআই-এর চার্জশিটে সুজিতের নাম নেই, তাই শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য ইডি কাউকে এভাবে হেফাজতে নিতে পারে না।

উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত কী রায় দেয়, তার ওপরই নির্ভর করছে সুজিত বসুর রাজনৈতিক ভবিষ্যৎ। আপাতত সিজিও কমপ্লেক্সের অন্ধকার কুঠুরিতেই কাটতে চলেছে প্রাক্তন মন্ত্রীর রাত।

Related Articles