ভারতীয় টি-২০ দলের নেতৃত্ব নিয়ে টানটান লড়াই শ্রেয়সের পাশাপাশি হঠাৎ করেই আলোচনায় সঞ্জু
চলতি মরশুমে নতুন দলে যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন সঞ্জু।
Truth of Bengal: ভারতীয় টি-২০ দলে বড় পরিবর্তনের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে প্রশ্ন বাড়তেই নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সেই তালিকায় এখন সবচেয়ে বেশি আলোচনায় দুই নাম— সঞ্জু স্যামসন এবং শ্রেয়স আইয়ার।
প্রথমদিকে মনে করা হচ্ছিল, টি-২০ দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন শ্রেয়স। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ছবিটা বদলাতে শুরু করেছে। ব্যাট হাতে ধারাবাহিক সাফল্য এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত উপস্থিতির কারণে সঞ্জুর নামও এখন গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে।
চলতি মরশুমে নতুন দলে যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন সঞ্জু। বড় রান করার পাশাপাশি চাপের ম্যাচেও দায়িত্ব নিয়ে খেলছেন তিনি। যদিও তিনি নিজের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক নন, তবু অতীতে রাজস্থানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর বড় সম্পদ হিসেবে ধরা হচ্ছে। ক্রিকেটমহলের একাংশের মতে, শান্ত মাথায় দল চালানোর ক্ষমতা সঞ্জুকে আলাদা সুবিধা দিচ্ছে।
ভারতীয় দলের সামনে এখন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর। সেই সফরের দল বাছাইয়ে চলতি প্রতিযোগিতার পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। আর সেখানেই কিছুটা পিছিয়ে পড়ছেন সূর্যকুমার। ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে।
অন্যদিকে সঞ্জু নিয়মিত ভারতীয় টি-২০ দলের অংশ হয়ে উঠেছেন। গত বিশ্বকাপের পর থেকে তিনি ধারাবাহিকভাবে সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগ কাজে লাগিয়েও দেখিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে তাঁর আত্মবিশ্বাসী ব্যাটিং নির্বাচকদের নজর কেড়েছে। দেশের জার্সিতে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।
শ্রেয়সও অবশ্য দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি প্রতিযোগিতায় তাঁর ব্যাট থেকে ধারাবাহিক রান এসেছে। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক টি-২০ না খেলায় তাঁর ক্ষেত্রে কিছুটা সংশয় তৈরি হয়েছে। শেষবার দেশের হয়ে এই ফরম্যাটে খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। ফলে এতদিন পর সরাসরি ফিরে এসে অধিনায়কত্ব পাওয়া সহজ হবে না বলেই মনে করছেন অনেকে।
তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচকেরা আপাতত সূর্যকুমারের উপরই আস্থা রাখতে পারেন বলে খবর। কিন্তু সামনের সিরিজেও যদি তাঁর খারাপ ফর্ম চলতে থাকে, তাহলে ভারতীয় টি-২০ দলে নেতৃত্ব বদলের সম্ভাবনা আরও জোরাল হয়ে উঠতে পারে।






