বর্ডার-গাভাসকর ট্রফির আগে তরুণদের গুরুত্ব অজি ‘এ’ সিরিজে ভবিষ্যতের দল গড়তে চাইছে বোর্ড
সেখানে দু’টি লাল বলের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল।
Truth of Bengal: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হার ভারতীয় ক্রিকেটকে বড় ধাক্কা দিয়েছে। সেই ব্যর্থতার পরেই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নামল ভারতীয় ক্রিকেট বোর্ড। লক্ষ্য একটাই— ভবিষ্যতের জন্য শক্তিশালী লাল বলের দল তৈরি করা। আর সেই ভাবনা থেকেই বর্ডার-গাভাসকর ট্রফির আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ আয়োজন করা হচ্ছে ভারতীয় ‘এ’ দলের জন্য।
সেপ্টেম্বর-অক্টোবর মাসে পুদুচেরিতে হবে এই সিরিজ। সেখানে দু’টি লাল বলের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। একই সময়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজ খেলবে। রাজকোটে হবে তিনটি একদিনের ম্যাচ, পরে রাজকোট ও আমদাবাদে আয়োজিত হবে দু’টি বহুদিনের ম্যাচ।
বোর্ডের লক্ষ্য শুধু সিরিজ আয়োজন নয়, বরং আগামী দিনের তারকাদের খুঁজে বের করা। ২০২৭ সালের জানুয়ারিতে ভারতে বসবে বর্ডার-গাভাসকর ট্রফির আসর। সেই সিরিজের আগে তরুণ ক্রিকেটারদের প্রস্তুত করতেই এখন থেকেই বিশেষ পরিকল্পনা শুরু করেছে বোর্ড।
জানা গিয়েছে, আইপিএল শেষ হওয়ার পরে প্রায় ৫৫ থেকে ৬০ জন ক্রিকেটারকে নিয়ে বিশেষ শিবির আয়োজন করা হবে। সেখানে ডাক পেতে পারেন বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, প্রিয়াংশ আর্যদের মতো প্রতিভাবান তরুণরা। উপস্থিত থাকবেন ভিভিএস লক্ষ্মণ, হৃষিকেশ কানিতকর ও জাহির খানের মতো অভিজ্ঞ কোচ এবং প্রাক্তন ক্রিকেটাররা।
এই শিবির থেকেই ধাপে ধাপে ক্রিকেটারের সংখ্যা কমিয়ে ২৫-এ নামানো হবে। তারপর সেখান থেকেই বেছে নেওয়া হবে ভারতীয় ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড। ফলে তরুণদের সামনে খুলে যাচ্ছে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার বিরাট সুযোগ।






