“মমতাকে হারানোর মাশুল দিতে হল ওঁকে!”, চন্দ্রনাথ খুনের ‘আসল কারণ’ ফাঁস করলেন শুভেন্দু
মঞ্চে ওঠেনি, কাউকে আক্রমণ করেনি, তাও কেন টার্গেট বায়ুসেনার প্রাক্তন কর্মী? গর্জে উঠলেন শুভেন্দু
Truth of Bengal: রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বস্ত এবং ছায়াসঙ্গী হিসেবে পরিচিত চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার সরাসরি মুখ খুললেন শুভেন্দু। বৃহস্পতিবার বারাসত হাসপাতালে চন্দ্রনাথের ময়নাতদন্তের সময় উপস্থিত থেকে তিনি যে অভিযোগ তুললেন, তা রাজ্য রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। শুভেন্দুর দাবি, এটি কোনও সাধারণ অপরাধ নয়, বরং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের বদলা নিতেই ঠান্ডা মাথায় সুপারি কিলার ভাড়া করে এই খুন করা হয়েছে।
“আপ্তসহায়ক হওয়াই কি ওর অপরাধ?”
শুভেন্দু অধিকারী এদিন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন, “চন্দ্রনাথ সক্রিয় রাজনীতির সঙ্গে কোনওদিন যুক্ত ছিল না। ও ছিল ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী। কোনওদিন কোনও রাজনৈতিক মঞ্চে ভাষণ দেয়নি, কাউকে কোনওদিন ব্যক্তিগত আক্রমণও করেনি। তবুও আজ ও মৃত। কেন? কারণ ও আমার আপ্তসহায়ক ছিল। বিরোধী দলনেতার পাশে ছায়ার মতো থাকত বলেই ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হল।” শুভেন্দুর ইঙ্গিত স্পষ্ট, তাঁকে মানসিকভাবে দুর্বল করতেই তাঁর সবথেকে কাছের মানুষকে নিশানা করা হয়েছে।
View this post on Instagram
ভবানীপুরে হারের বদলা?
এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়কে ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল। শুভেন্দুর দাবি, সেই ঐতিহাসিক জয়ের রণকৌশল সাজানোর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চন্দ্রনাথের। তিনি বলেন, “ভবানীপুরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, সেই আক্রোশ থেকেই চন্দ্রনাথকে টার্গেট করা হল। ওকে খুন করে আসলে আমাকে বার্তা দিতে চাইছে খুনিরা।” শুভেন্দুর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
কড়া শাস্তির দাবি
তদন্তপ্রক্রিয়া নিয়ে পুলিশের ওপর আপাতত ভরসা রাখলেও শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন, দোষীরা যেন কোনওভাবেই ছাড় না পায়। তিনি বলেন, “সুপারি কিলার ভাড়া করে যেভাবে রেইকি করে এই খুন করা হয়েছে, তাতে কোনও বড় মাথা জড়িত আছে। আমি দোষীদের উপযুক্ত এবং কড়া শাস্তির দাবি জানাচ্ছি।” চন্দ্রনাথের পরিবার এবং আহত চালকের চিকিৎসার যাবতীয় দায়িত্ব দল বহন করবে বলেও তিনি পুনরায় নিশ্চিত করেন।






