দেশ

প্রসার ভারতীর চেয়ারম্যান হলেন প্রসূন জোশী

। সৃজনশীল জগতের সঙ্গে যুক্ত শ্রী জোশীর সাহিত্য, বিজ্ঞাপন, চলচ্চিত্র এবং জনসংযোগ ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে।

Truth of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: প্রসার ভারতীর চেয়ারম্যান হলেন বিশিষ্ট গীতিকার ও যোগাযোগ বিশেষজ্ঞ প্রসূন জোশী। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে বিশিষ্ট গীতিকার, লেখক, যোগাযোগ বিশেষজ্ঞ প্রসূন জোশীকে ভারত সরকারের সম্প্রচার সংস্থা ‘প্রসার ভারতী’-র চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। সৃজনশীল জগতের সঙ্গে যুক্ত শ্রী জোশীর সাহিত্য, বিজ্ঞাপন, চলচ্চিত্র এবং জনসংযোগ ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে। অন্তর্দৃষ্টিমূলক লেখনী এবং গভীর সাংস্কৃতিক সংবেদনশীলতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত তিনি। তাঁর কর্মসম্ভারের মধ্যে রয়েছে, চলচ্চিত্রের গান, বিজ্ঞাপনী প্রচার এবং সামাজিক দিক থেকে তাৎপর্যপূর্ণ গল্পবুনন – যা দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের দর্শকগোষ্ঠীর সঙ্গে এক গভীর সংযোগ স্থাপন করে।

এই পদে তাঁর নিয়োগ প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,’প্রসার ভারতী বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রসূন জোশীজির নিয়োগে তাঁকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। প্রসূনজি এক বিরল সৃজনশীল সত্তা, যিনি বিজ্ঞাপন, সাহিত্য, শিল্পকলা এবং চলচ্চিত্র – সব ক্ষেত্রেই বিশ্বজুড়ে সমাদৃত।অথচ তাঁর হৃদস্পন্দন একান্তভাবেই ভারতের জন্য নিবেদিত। তাঁর শব্দমালায় মিশে থাকে আমাদের মাটির গন্ধ, আর তাঁর দূরদৃষ্টিতে প্রতিফলিত হয় আমাদের সংস্কৃতির শাশ্বত নির্যাস। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে প্রসার ভারতী খুঁজে পাবে নতুন উদ্দীপনা এবং এক নবীন সৃজনশীল কণ্ঠস্বর। তাঁর আগামী কার্যকাল যেন স্মরণীয় ও অর্থবহ হয়ে ওঠে – সেই কামনা করি।’

এর আগে শ্রী জোশী ২০১৭ সালের অগাস্ট মাস থেকে মুম্বাইয়ে ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’
(সিবিএফসি)-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ‘ম্যাকক্যান ওয়ার্ল্ড গ্রুপ ইন্ডিয়া’-র সিইও এবং ‘ম্যাকক্যান ওয়ার্ল্ড গ্রুপ এশিয়া প্যাসিফিক’ (ম্যাকক্যান এরিকসনের একটি সহযোগী প্রতিষ্ঠান)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল থেকে তিনি ‘ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস’-এর অন্যতম ট্রাস্টি হিসেবেও যুক্ত রয়েছেন। সৃজনশীল শিল্প এবং জনসংযোগের ক্ষেত্রে তাঁর সুদীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতার সূত্রে আশা করা হচ্ছে যে, প্রসার ভারতীর নেতৃত্বে তিনি এক অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন।

Related Articles