রাজ্যের খবর

“দিদিকে গুলি খেতে হবে!”, মমতাকে সরাসরি খুনের হুমকি বিজেপি মুখপাত্রের, তোলপাড় বাংলা

“এসব বাংলায় চলে না!”, শান্তনু সেনের পালটা হুঙ্কার, ৪ মে ব্যালট বাক্সেই হবে শেষ হিসেব

Truth of Bengal: ২০২৬-এর শেষ দফার ভোটের আগে বাংলার রাজনীতিতে বেনজির বিতর্ক! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ‘গুলি’ করার হুমকির অভিযোগ উঠল বিজেপির সর্বভারতীয় মুখপাত্র অজয় অলোকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস তথা দক্ষিণ ২৪ পরগনার বর্তমান পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তৃণমূলের দাবি, ৪ মে নির্বাচনী ফলাফল প্রকাশের দিনই ব্যালট বাক্সে এর মোক্ষম জবাব দেবে জনতা।

ঘটনার সূত্রপাত সোমবার। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়ছেন উত্তরপ্রদেশের এই ‘সিংঘম’ অফিসার। তিনি প্রার্থীর পরিবারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঝামেলা করলে এমন ‘চিকিৎসা’ করব যে কেঁদেকেটেও লাভ হবে না।” এই ভিডিওটি শেয়ার করে দাপুটে পুলিশ অফিসারের প্রশংসা করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

বিতর্ক দানা বাঁধে যখন অমিত মালব্যের সেই পোস্টে মন্তব্য করেন বিজেপির মুখপাত্র অজয় অলোক। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, “লাথি খাওয়া লোকজন মুখের কথা শোনে না। হুমকি দিলে তো গুলি খেতে হবে দিদি।” সরাসরি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে ‘গুলি’ করার এই প্রচ্ছন্ন হুমকি ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

পালটা আক্রমণে নেমে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “দেশের প্রধানমন্ত্রী ‘দিদি ও দিদি’ বলে ব্যঙ্গ করেন, আর তাঁদের মুখপাত্র এখন মুখ্যমন্ত্রীকে গুলি করার হুমকি দিচ্ছেন! একজন সাতবারের সাংসদ ও তিনবারের মুখ্যমন্ত্রীকে এই অপমান বাংলা মেনে নেবে না।” শান্তনুর দাবি, ৪ মে তৃণমূলের জয় নিশ্চিত হলেই বিজেপির এই ‘সংস্কৃতি’র অবসান ঘটবে। ভোটের মুখে এই ‘বুলডোজার’ ও ‘গুলি’র রাজনীতি বারুদের স্তূপে ঘি ঢেলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Articles