আইপিএলে রান-সুনামি! এক দিনে ৯৮৬ রান ও ৫৯টি ছক্কা
দুই ম্যাচ মিলিয়ে মোট ৫৯টি ছক্কা হয়েছে, যা আইপিএলের এক দিনে সর্বোচ্চ।
Truth of Bengal: আইপিএলের ইতিহাসে এমন দিন আগে আসেনি। শনিবার মাত্র দুই ম্যাচেই যেন ব্যাটারদের উৎসব দেখল ক্রিকেট দুনিয়া। দিল্লিতে দিল্লি–পাঞ্জাব ম্যাচ এবং জয়পুরে রাজস্থান–হায়দরাবাদ ম্যাচ মিলিয়ে মোট ৭৭.২ ওভারে উঠেছে অবিশ্বাস্য ৯৮৬ রান। এর মধ্যে দিল্লিতে হয়েছে ৫২৯ রান, আর জয়পুরে ৪৫৭। আইপিএলের এক দিনে এর আগে সর্বোচ্চ রান ছিল ২০২৪ সালের ২৭ এপ্রিলের দুই ম্যাচে ৮৯৯— সেই রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শনিবারের ব্যাটিং ঝড়।
শুধু রান নয়, ছক্কার বন্যাতেও তৈরি হয়েছে নতুন নজির। দুই ম্যাচ মিলিয়ে মোট ৫৯টি ছক্কা হয়েছে, যা আইপিএলের এক দিনে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ৫৩টি, যা হয়েছিল ২০২৫ সালের ৪ মে এবং ২৫ মে।
জয়পুরে রাজস্থান–হায়দরাবাদ ম্যাচে আরও একাধিক অবিশ্বাস্য ঘটনা ঘটে। হায়দরাবাদ পেসার প্রফুল হিঞ্জের করা ইনিংসের প্রথম ওভারেই রাজস্থানের ১৫ বছর বয়সি ওপেনার বৈভব সূর্যবংশী হাঁকান ৪টি ছক্কা— আইপিএলের ইতিহাসে প্রথম ওভারেই এমন ঘটনা এই প্রথম। পাল্টা রান তাড়া করতে নেমে হায়দরাবাদও প্রথম ওভারে মারে ২টি ছক্কা। অর্থাৎ, এক ম্যাচের প্রথম ওভারেই মোট ৬টি ছক্কা— স্বীকৃত টি-২০ ক্রিকেটে যা একেবারেই নজিরবিহীন।
দিল্লির ম্যাচেও ব্যাটিং তাণ্ডব কম যায়নি। দিল্লি ক্যাপিটালসের ওপেনার লোকেশ রাহুল খেলেছেন ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের বিধ্বংসী ইনিংস। আইপিএলে ভারতীয়দের মধ্যে এটিই সর্বোচ্চ স্কোর এবং সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। এমনকি টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এর চেয়ে বড় ইনিংস আর নেই। মাত্র ৪৭ বলেই সেঞ্চুরি করা রাহুল ম্যাচসেরা হয়েছেন, কিন্তু তবু মুখে হাসি ছিল না। কারণ, তাঁর এই অসাধারণ ইনিংস সত্ত্বেও দিল্লি নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ রান করেও ম্যাচ জিততে পারেনি। পাঞ্জাব কিংসের হয়ে প্রভসিমরান সিংয়ের ৭৬ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নেয় পাঞ্জাব। এটি শুধু আইপিএল নয়, স্বীকৃত টি-২০ ইতিহাসেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
অন্যদিকে বৈভব সূর্যবংশীর রাতটাও ছিল রেকর্ডে ভরা, তবু শেষটা তেতো। আগের ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে শূন্য রানে আউট হওয়া এই তরুণ এবার সেই প্রফুল হিঞ্জকেই প্রথম ওভারে চার ছক্কা মেরে জবাব দেন। ১৫ বলে ফিফটি এবং ৩৬ বলে সেঞ্চুরি করে তিনি ঝড় তোলেন। একই সঙ্গে মাত্র ৪৭৩ বলে টি-২০-তে ১০০০ রান পূর্ণ করে সবচেয়ে কম বয়সে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডও গড়েন।
মাত্র ১৫টি আইপিএল ইনিংসেই দুই সেঞ্চুরি, আর সব মিলিয়ে টি-২০-তে ২৬ ইনিংসে ৪টি শতরান— দু’টিই দ্রুততমের তালিকায়। গত বছর ৩৫ বলে সেঞ্চুরির পর এবার ৩৬ বলে— আইপিএলে ৪০ বলের কমে দু’টি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও এখন সূর্যবংশী।
তবু এত কিছুর পরও জয় অধরা। রাজস্থানের করা ২২৯ রানের লক্ষ্য হায়দরাবাদ ৯ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে। সব মিলিয়ে, শনিবারের আইপিএল যেন ছিল বোলারদের জন্য এক দুঃস্বপ্নের দিন— যেখানে ব্যাটারদের দাপটে রেকর্ড ভেঙেছে একের পর এক।






