রাজ্যের খবর

অসাধু চক্রের সঙ্গে আঁতাঁত, দ্বিতীয় দফার আগে সাসপেন্ড হিঙ্গলগঞ্জের ওসি

ওসি সন্দীপ সরকারের বিরুদ্ধে জমা পড়েছিল অভিযোগের পাহাড়!

Truth of Bengal: বঙ্গে প্রথম দফার ভোট মিটতে না মিটতেই বড়সড় ধামাকা কমিশনের! দ্বিতীয় দফার হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার ওসি-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। দুষ্কৃতীদের সঙ্গে আঁতাত এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ওসি সন্দীপ সরকারকে শুক্রবার বেলা ১১টার মধ্যেই দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, হিঙ্গলগঞ্জের বিদায়ী ওসির বিরুদ্ধে গত কয়েকদিনে অভিযোগের পাহাড় জমেছিল। বিশেষ করে স্থানীয় অসাধু চক্রের সঙ্গে গোপন যোগাযোগ এবং ভোটের ময়দানে নিরপেক্ষতা বজায় না রাখার অভিযোগ আসছিল বারবার। গত ২১ তারিখ এই সংক্রান্ত একটি দীর্ঘ রিপোর্ট জমা পড়ার পরেই নড়েচড়ে বসে কমিশন। ২৩ তারিখ গভীর রাতে আসা নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সন্দীপ সরকার অনির্দিষ্টকালের জন্য সাসপেনশনে থাকবেন। কমিশনের এক আধিকারিকের কথায়, “শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের স্বার্থে কোনও রকম আপস করা হবে না। যাঁদের বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

হিঙ্গলগঞ্জ এবার ছাব্বিশের ভোটের অন্যতম প্রধান ‘রণক্ষেত্র’। কারণ, এখানে বিজেপির প্রার্থী সন্দেশখালি আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্র। তাঁর বিপরীতে লড়ছেন তৃণমূলের ‘ভূমিকন্যা’ ঝরণা সর্দার। বাংলাদেশ লাগোয়া এই সীমান্ত এলাকায় ভোটগ্রহণ যাতে কোনওভাবেই অশান্ত না হয়, তা নিশ্চিত করতেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত। ওসির অনুপস্থিতিতে আপাতত কে থানা সামলাবেন, সেই নামের তালিকাও তলব করেছে কমিশন।

উল্লেখ্য, প্রথম দফায় রাজ্যে রেকর্ড ৯২ শতাংশ ভোট পড়েছে। আগামী ২৯ এপ্রিল, বুধবার রাজ্যের বাকি ১৪২টি আসনে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। তার ঠিক আগেই হিঙ্গলগঞ্জে এই প্রশাসনিক রদবদল রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

Related Articles