ভোটের আগেই রক্ত ঝরল ডোমকলে! সিপিএম-তৃণমূল খণ্ডযুদ্ধে গুরুতর জখম ৩
ভোটের রাতে ‘রণক্ষেত্র’ সরদার পাড়া! কুপিলায় বাম-তৃণমূল সংঘর্ষে মধ্যরাতে আতঙ্কিত গ্রামবাসীরা
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: ভোটের রাত পোহাতেই যেখানে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে যুদ্ধের চেহারা নিল মুর্শিদাবাদের ডোমকল। বুধবার রাতে ডোমকলের কুপিলা সরদার পাড়া এলাকায় তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই ঘটনায় দু’পক্ষের অন্তত ৩ জন গুরুতর জখম হয়েছেন। ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে এই হিংসার ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে এক সিপিএম কর্মীর বাড়ির সামনে এই গোলমালের সূত্রপাত। আহত বাম কর্মীর অভিযোগ, একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে এসে অশালীন গালিগালাজ করছিল। প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি ও ধস্তাধস্তি। সিপিএমের দাবি, তৃণমূল কর্মীরাই তাঁদের ওপর প্রথম চড়াও হয়।
পাল্টা অভিযোগ তুলেছে শাসক শিবিরও। তৃণমূলের দাবি, তাদের কর্মীরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সিপিএম কর্মীরাই পরিকল্পিতভাবে অতর্কিতে হামলা চালায়। সংঘর্ষে সিপিএমের একজন এবং তৃণমূলের দুই কর্মী জখম হন। ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ভোটের সকালে এই এলাকা বর্তমানে থমথমে। কুপিলা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের পক্ষ থেকে টহলদারি চালানো হচ্ছে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে বুথে গিয়ে ভোট দিতে পারেন। তবে নির্বাচনের প্রথম প্রহরেই ডোমকলের এই রক্তপাত প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।






