আগামী ১৫০ ঘণ্টা চরম বিপদের! বাংলায় বড় ‘অ্যাকশনে’র ছক শাহের? বিস্ফোরক তৃণমূল
“সাউথ বেঙ্গল টার্গেট বিজেপির!” কলকাতা থেকে ২৪ পরগনায় কি তবে শুরু হবে মাঝরাতের হানা? আশঙ্কায় শশী পাঁজা
Truth of Bengal: ভোটের লড়াই যত এগোচ্ছে, ততই কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথম দফার ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলল জোড়াফুল শিবির। তৃণমূলের দাবি, ইডি, সিবিআই এবং এনআইএ-র শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন শাহ। লক্ষ্য একটাই, আগামী ১৫০ ঘণ্টার মধ্যে বাংলায় বড়সড় কোনও ‘অপ্রিয়’ পরিস্থিতি তৈরি করা। সোমবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে এই নিয়ে আগাম সতর্ক করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
শশী পাঁজা এদিন বিষ্ফোরক দাবি করে বলেন, “বাংলায় ভাওতাবাজি করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছেন, তা বন্ধ করতে চাইছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী খোদ কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে বৈঠক করছেন। দক্ষিণবঙ্গকে টার্গেট করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। বড় কোনও অ্যাকশন করার পরিকল্পনা পাকাচ্ছে বিজেপি।”
তৃণমূলের অভিযোগ, বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে রাজনৈতিকভাবে হারাতে না পেরে গোটা কেন্দ্রীয় শক্তিকে ময়দানে নামানো হয়েছে। ডেরেক ও’ব্রায়েনদের দাবি, মমতাকে রুখতে ১৮ জন ক্যাবিনেট মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ইডি-সিবিআই-এনআইএ এবং ২৪০০ প্লাটুন কেন্দ্রীয় বাহিনীকে একজোট করা হয়েছে। তাঁদের মতে, গণতান্ত্রিক লড়াইয়ে পেরে না উঠেই এখন এজেন্সিকে হাতিয়ার করে বাংলায় অস্থিরতা তৈরির ছক কষা হচ্ছে।
শাসক শিবিরের এই ‘১৫০ ঘণ্টার’ হুঁশিয়ারি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা এবং এজেন্সির কোনও ঝটিকা অভিযান চলে কি না, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। তৃণমূলের সাফ কথা, যত চক্রান্তই হোক না কেন, বাংলার মানুষ এই ‘ষড়যন্ত্রের’ যোগ্য জবাব দেবেন ভোটের বাক্সে।



