“মমতা দিদিকে টা টা বাই বাই জানাতে তৈরি বাংলা!”, মুর্শিদাবাদে হুঙ্কার নাড্ডার
সরাসরি ‘মমতা-বিদায়’ ঘণ্টা বাজিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় হেভিওয়েট নেতা
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভোট-ময়দানে এবার সরাসরি ‘মমতা-বিদায়’ ঘণ্টা বাজিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। সোমবার বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুখেন বাগদীর সমর্থনে পাঁচথুপি এলাকায় এক বিশাল রোড শো-তে অংশ নেন তিনি। পাঁচথুপি নেতাজি মোড় থেকে ঘোষপাড়া পর্যন্ত দীর্ঘ এই মিছিলে মানুষের ঢল নামলে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী নাড্ডা দাবি করেন, বাংলার মানুষ এবার তৃণমূল নেত্রীকে ‘টা টা বাই বাই’ জানাতে তৈরি।
রোড শো শেষে হুঙ্কার দিয়ে নাড্ডা বলেন, “বাংলার জনজোয়ার স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে মানুষ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানাতে প্রস্তুত। তোলাবাজি, কাটমানি আর নারী নিগ্রহের ঘটনায় বাংলার মানুষ আজ অতিষ্ঠ। ‘মা-মাটি-মানুষ’-এর স্লোগান দিয়ে মমতা দিদি না রেখেছেন মাটির ইজ্জত, না রেখেছেন মায়ের সম্মান।” কেন্দ্রীয় মন্ত্রীর এই আক্রমণাত্মক মন্তব্য বীরভূম ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় রাজনৈতিক পারদ এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে।
রাজ্য সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরে নাড্ডা আরও দাবি করেন যে, মানুষ এখন একতরফাভাবে বিজেপিকেই ভোট দিতে মুখিয়ে আছেন। তাঁর কথায়, “মানুষ ২৩ এপ্রিল ব্যালট বাক্সে এর জবাব দেবেন এবং ৪ মে বাংলার মাটিতে পদ্মফুল ফুটবেই। উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গের উৎপীড়িত জনতা এবার বিজেপিকেই বেছে নেবে।”
বড়ঞার এই রোড শো-তে ভিড় ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় নেতাকে হাতের নাগালে পেয়ে কর্মী-সমর্থকদের উল্লাস ছিল তুঙ্গে। প্রথম দফার ভোটের ঠিক আগে নাড্ডার এই মুর্শিদাবাদ সফর জেলার রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, নাড্ডার এই ‘টা টা বাই বাই’ স্লোগান শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রতিফলন ঘটায়।






