রাজ্যের খবর

“বিজেপিকে ভোট দিন”, বিএলও-র কীর্তিতে উত্তেজনা কীর্নাহারে

কমিশনের অফিসারের গলায় বিজেপির গুণগান? বীরভূমের দত্তবগতর গ্রামে বিএলও-র বিরুদ্ধে বিষ্ফোরক তৃণমূল।

সৌতিক চক্রবর্তী, বীরভূম: ভোটের মুখে বীরভূমে ফের শোরগোল! এবার কাঠগড়ায় খোদ নির্বাচন কমিশনেরই এক আধিকারিক। জেলার কীর্নাহার থানার অন্তর্গত ঠিবা অঞ্চলের দত্তবগতর গ্রামে ২৩৪ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (BLO) মালা মণ্ডলের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগে উত্তাল হয়ে উঠল এলাকা। তৃণমূলের দাবি, বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি করার সময় সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছেন ওই কর্মী।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, মালা মণ্ডল ভোটারদের বাড়ি গিয়ে স্লিপ দেওয়ার সময় নিচু স্বরে বলছেন, “দু নম্বর বোতাম টিপুন, বিজেপিকে ভোট দিন।” একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীর মুখে এই ধরণের রাজনৈতিক প্রচারের কথা শুনে তাজ্জব গ্রামবাসীরাও। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের স্থানীয় নেতাদের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় রাখার বদলে ওই আধিকারিক গেরুয়া শিবিরের এজেন্টের মতো কাজ করছেন।

ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসক শিবির। তাঁদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করে দাবি করা হয়েছে, অবিলম্বে ওই BLO-র বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে এবং তাঁকে নির্বাচনী কাজ থেকে সরিয়ে দিতে হবে। তৃণমূলের এক স্থানীয় নেতার কথায়, “একজন বিএলও যখন বাড়ি বাড়ি গিয়ে একটি নির্দিষ্ট দলকে ভোট দিতে বলেন, তখন সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়। আমরা এই অন্যায়ের শেষ দেখে ছাড়ব।”

যদিও এই চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বা অভিযুক্ত মালা মণ্ডলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভোটের কয়েকদিন আগে বীরভূমের মাটিতে এই ‘ভোট চুরির’ নয়া অভিযোগ রাজনৈতিক পারদকে এক লাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কমিশনের তদন্তে যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট বুথের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles