‘এর প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই!’ পোপকে নজিরবিহীন আক্রমণ ট্রাম্পের
শুধু পোস্টেই থেমে থাকেননি, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি বলেন— এই পোপের প্রতি তাঁর কোনো শ্রদ্ধা নেই।
Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের তীব্র ভাষায় আক্রমণ শানালেন পোপ লিও চতুর্দশ-এর বিরুদ্ধে। বৈদেশিক নীতি ও অভিবাসন ইস্যুতে পোপের সমালোচনার জবাব দিতে গিয়ে রবিবার রাতে ক্ষোভ উগরে দেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, পোপ লিও অপরাধ দমনে দুর্বল এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও তাঁর অবস্থান অত্যন্ত হতাশাজনক। শুধু পোস্টেই থেমে থাকেননি, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি বলেন— এই পোপের প্রতি তাঁর কোনো শ্রদ্ধা নেই।
উল্লেখ্য, গত বছর প্রথম মার্কিন নাগরিক হিসাবে পোপ নির্বাচিত হন লিও চতুর্দশ। সাম্প্রতিক সময়ে তিনি ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার ভূমিকার কড়া সমালোচনা করেছেন। এর আগেও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এই দ্বন্দ্বের পেছনে বড় কারণ হয়ে উঠেছে পারমাণবিক অস্ত্র ইস্যু। কয়েক দিন আগে পোপ লিও মন্তব্য করেছিলেন, ইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সেই মন্তব্যের পাল্টা জবাবে ট্রাম্প দাবি করেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে পোপের অবস্থান দুর্বল এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
গত মাসে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে এক ভাষণে পোপ বলেন, যুদ্ধবাজ নেতাদের প্রতি ঈশ্বর সদয় হন না এবং রক্তে রঞ্জিত হাতে করা প্রার্থনা কখনও গ্রহণযোগ্য নয়। তিনি ইরান যুদ্ধকে নৃশংস বলে উল্লেখ করেন এবং সংঘাত কমিয়ে শান্তির পথ খোঁজার আহ্বান জানান। এই ঘটনার জেরে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক নেতৃত্ব ও ধর্মীয় নেতৃত্বের এই সংঘাত ভবিষ্যতে আরও কোন দিকে মোড় নেবে, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে।





