রাজ্যের খবর

বঞ্চিত এলাকাকে মূল স্রোতে ফেরানোই লক্ষ্য, বালুরঘাটে প্রচারে নেমে হুঙ্কার আরএসপি প্রার্থীর

বাম কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো

Truth Of Bengal: বালুরঘাট বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে নিজেদের জমি শক্ত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বামফ্রন্ট। দক্ষিণ দিনাজপুর জেলার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরীর নেতৃত্বে চিঙ্গিশপুর অঞ্চলে আয়োজিত নির্বাচনী প্রচার কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল। সোমবার চিঙ্গিশপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন অর্ণব চৌধুরী, যেখানে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি বাম আমলের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি।

অর্ণব চৌধুরীর এই প্রচার কর্মসূচিতে মূলত কর্মসংস্থান, শিক্ষা ও উন্নত স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক ইস্যুগুলিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন যে, বর্তমান সরকারের আমলে এই অঞ্চলটি উন্নয়নের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বামফ্রন্ট জয়ী হলে অবহেলিত এলাকাগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে। চিঙ্গিশপুর এলাকায় গ্রামবাসী ও কৃষকদের সাথে মতবিনিময়ের সময় তিনি রাজ্য ও কেন্দ্র—উভয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বালুরঘাট জুড়ে রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে। এদিনের প্রচারে বামফ্রন্টের স্থানীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চিঙ্গিশপুরের মতো গ্রামীণ এলাকায় অর্ণব চৌধুরীর এই নিবিড় জনসংযোগ বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সাংগঠনিক শক্তিকে নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার, এই সাড়াজাগানো প্রচার ভোটের বাক্সে কতটা প্রতিফলন ঘটায়।

Related Articles