বিনোদন

মহিলা পুলিশ ছাড়াই ব্যাগ তল্লাশি! খাস কলকাতায় শ্রীময়ীর সঙ্গে যা ঘটল…

টালিগঞ্জ ফাঁড়ির কাছে যখন তাঁর গাড়ি আটকানো হয়, তখন তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তাঁর ব্যাগ ও মেকআপ কিট তন্নতন্ন করে খোঁজা হয়।

Truth Of Bengal: শুটিং থেকে ফেরার পথে মধ্যরাতে নাকা-চেকিংয়ের নামে পুলিশের হাতে চরম হেনস্থার শিকার হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। শনিবার রাত ১১টার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের ক্ষোভ ও শারীরিক-মানসিক যন্ত্রণার কথা জানিয়েছেন কাঞ্চন-পত্নী। শ্রীময়ীর অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে নাকা চেকিংয়ের গুরুত্ব তিনি বুঝলেও, সেখানে উপস্থিত পুলিশকর্মীদের আচরণ ছিল অত্যন্ত অমানবিক। বিশেষ করে কোনো মহিলা পুলিশকর্মী ছাড়াই তাঁর ব্যক্তিগত ব্যাগ তল্লাশি করা হয় এবং ব্যাগে থাকা স্যানিটারি ন্যাপকিন প্রকাশ্যে বের করে দেখা হয়।

টালিগঞ্জ ফাঁড়ির কাছে যখন তাঁর গাড়ি আটকানো হয়, তখন তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তাঁর ব্যাগ ও মেকআপ কিট তন্নতন্ন করে খোঁজা হয়। শ্রীময়ীর দাবি, মেকআপ কিট বড় দেখে একজন এসআই ব্যঙ্গ করে বলেন যে, এর ভেতর হয়তো কয়েক হাজার টাকা লুকানো আছে। এমনকি তিনি অসুস্থ বলে ওষুধের বক্স দেখালে পুলিশকর্মীরা তাঁকে ‘নাটক’ করছেন বলে কটাক্ষ করেন। অভিনেত্রীর লাঞ্চ বক্সটিও এমনভাবে পরীক্ষা করা হয় যেন তার ভেতরে বোমা রাখা আছে। শ্রীময়ী প্রশ্ন তুলেছেন, একজন মহিলার ব্যক্তিগত জিনিস এভাবে মহিলা পুলিশের অনুপস্থিতিতে তল্লাশি করা কতটা যুক্তিসঙ্গত?

পুরো ঘটনায় পুলিশের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীময়ী। তাঁর মতে, গাড়িতে বিধায়ক কাঞ্চন মল্লিকের বোর্ড লাগানো থাকা বা কাচ সামান্য কালো থাকার কারণেই কি তাঁকে এভাবে হেনস্থা হতে হলো? ভিডিওতে তিনি স্পষ্ট জানান, দায়িত্ব পালন করা ভালো কিন্তু তার আগে ন্যূনতম মানবিকতা থাকা প্রয়োজন। মধ্যরাতে একজন মহিলার সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার এবং কুৎসিত মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এই ঘটনা বর্তমানে টলিপাড়া ও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Related Articles