রাজ্যের খবর

জাতীয় সড়কে মেজাজি ‘রামলাল’, খাবারের খোঁজে হাতির দাপটে স্তব্ধ রাস্তা

রামলালের ‘রোড শো’ ঘিরে ঝাড়গ্রাম জুড়ে এখন শোরগোল

Truth Of Bengal: নির্বাচনের আবহে যখন ঝাড়গ্রামের অলিগলি রাজনৈতিক প্রচারে সরগরম, ঠিক তখনই ৬ নম্বর জাতীয় সড়কে দেখা মিলল এক ‘হেভিওয়েট’ পথচারীর। বুধবার ঝাড়গ্রামের বেলতলা থেকে মানিকপাড়া এলাকায় খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াতে দেখা গেল জঙ্গলমহলের অতি পরিচিত পূর্ণবয়স্ক হাতি ‘রামলাল’কে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎ করেই জঙ্গল ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসে রামলাল। হেলেদুলে সে সরাসরি উঠে পড়ে জাতীয় সড়কের ওপর। বিশালদেহী এই অতিথিকে দেখতে রাস্তার দু’ধারে পথচারী ও গাড়িচালকদের ভিড় জমে যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি থমকে যায়। তবে রামলাল তার স্বভাবসিদ্ধ শান্ত মেজাজেই ছিল; ভিড় দেখে উত্তেজিত না হয়ে আপন খেয়ালে খাবারের খোঁজ চালিয়ে যায় সে।

উপস্থিত বাসিন্দাদের মধ্যে কেউ কেউ মজার ছলে বলেন, “ভোটের বাজারে সবাই যখন প্রচারে ব্যস্ত, তখন রামলালও হয়তো নিজের দাবি জানাতে রাস্তায় নেমেছে!” তবে কৌতুক থাকলেও, জাতীয় সড়কের ওপর এভাবে হাতির চলে আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগও কম নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে রাস্তা থেকে সরিয়ে পুনরায় গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

বনদপ্তর জানিয়েছে, খাবারের সন্ধানেই হাতিটি লোকালয়ে চলে এসেছিল। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর নেই। দিনের আলোয় এভাবে জাতীয় সড়কের ওপর রামলালের ‘রোড শো’ ঘিরে ঝাড়গ্রাম জুড়ে এখন শোরগোল।

Related Articles