রাজ্যের খবর

অধীরের কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন কংগ্রেস নেতা

ভোটের মুখে বহরমপুরে বড়সড় দুর্ঘটনার কবলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কনভয়।

Truth of Bengal: ভোটের মুখে বহরমপুরে বড়সড় দুর্ঘটনার কবলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কনভয়। বুধবার কান্দিতে নির্বাচনী প্রচার সেরে বহরমপুরে ফেরার পথে একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা মারে অধীরের এসকর্ট গাড়িতে। ট্রাকের ধাক্কায় নিরাপত্তারক্ষীদের গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। ঘটনায় কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

কংগ্রেস সূত্রে খবর, বুধবার দিনভর কান্দিতে ঠাসা কর্মসূচি ছিল অধীরের। প্রচার শেষ করে সন্ধ্যায় যখন তিনি বহরমপুরের দিকে ফিরছিলেন, তখনই ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অধীরের গাড়ির ঠিক আগেই ছিল নিরাপত্তারক্ষীদের সেই এসকর্ট গাড়িটি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি ধাক্কা মারে ওই গাড়ির পিছনে। ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন কংগ্রেসের তারকা প্রার্থী।

এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার বিস্ফোরক অভিযোগ তুলেছে হাত শিবির। কংগ্রেস কর্মীদের দাবি, দুর্ঘটনার ২০ মিনিট পেরিয়ে গেলেও স্থানীয় কান্দি থানার আইসি ঘটনাস্থলে পৌঁছাননি। পুলিশের এই ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন দলের নিচুতলার কর্মীরা। তাঁদের অভিযোগ, হাইপ্রোফাইল নেতার নিরাপত্তায় বড়সড় গাফিলতি ছিল, যার জেরে এই বিপত্তি।

ঘটনার গুরুত্ব বুঝে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। একজন হেভিওয়েট প্রার্থীর নিরাপত্তায় কীভাবে এমন গলদ থাকল এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা জানতে চেয়ে জেলা প্রশাসনের কাছে তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে কমিশন। ট্রাকচালক মদ্যপ ছিল কি না বা এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে নির্বাচনের ঠিক মুখে এই ঘটনায় মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।