খেলা

‘রান নেব না’! স্মিথকে ফিরিয়ে বাবরের অপমানের বদলা নিলেন ফারহান

তৃতীয় ওভারের শেষ বলে কভারের দিকে বল ঠেলে এক রান নিতে চেয়েছিলেন স্মিথ।

Truth Of Bengal: ক্রিকেট মাঠে পুরনো ঘটনার প্রতিধ্বনি ফের শোনা গেল। একসময় যেভাবে রান নিতে চাওয়া সত্ত্বেও বাবর আজমকে ফিরিয়ে দিয়েছিলেন স্টিভ স্মিথ, এবার যেন সেই একই ঘটনার উল্টো চিত্র দেখা গেল পাকিস্তান সুপার লিগে। তবে এ বার ফিরিয়ে দেওয়া হল স্মিথকেই— আর সেই কাজটা করলেন সাহিবজাদা ফারহান।

মুলতানের হয়ে ওপেন করতে নেমেছিলেন দু’জন। তৃতীয় ওভারের শেষ বলে কভারের দিকে বল ঠেলে এক রান নিতে চেয়েছিলেন স্মিথ। কিন্তু ফারহান সাফ ‘না’ জানিয়ে দেন। বাধ্য হয়ে ফিরে আসতে হয় স্মিথকে। ঘটনার পর তাঁকে কিছুটা বিরক্ত দেখালেও ফারহানের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এই ঘটনাকে ঘিরে উচ্ছ্বসিত পাকিস্তানের সমর্থকরা। তাঁদের মতে, বাবরের সঙ্গে হওয়া পুরনো ‘অপমানের’ জবাব ঠিক এভাবেই দেওয়া উচিত ছিল। অনেকেই মজা করে বলছেন, এই কাজের জন্য ফারহানকে বিশেষভাবে সম্মান জানানো উচিত।

ঘটনার পর আবার সামনে চলে আসে বিগ ব্যাশের সেই বিতর্ক। তখন স্মিথের সঙ্গেই ওপেন করছিলেন বাবর। রান পাচ্ছিলেন না, ডট বল খেলছিলেন একের পর এক। তবুও একটি সহজ রান নিতে চেয়েছিলেন বাবর, কিন্তু স্মিথ রাজি হননি। সেই মুহূর্তেই ক্ষোভ প্রকাশ করেছিলেন পাকিস্তানি তারকা।

পরের ওভারেই অবশ্য স্মিথ ব্যাট হাতে ঝড় তোলেন, এক ওভারেই তোলেন বিশাল রান। অন্যদিকে বাবর আউট হয়ে ফেরেন হতাশ হয়ে, আর সাজঘরে ফিরে ক্ষোভ উগরে দেন। সেই ঘটনার রেশ অনেকদিন ছিল ক্রিকেটমহলে।

এবার যেন সেই অধ্যায়েরই নতুন পর্ব। ফারহানের একটি ‘না’ শুধু একটি রান আটকাল না, বরং ফিরিয়ে দিল পুরনো স্মৃতির জবাবও। ক্রিকেটে স্কোরবোর্ড যেমন কথা বলে, তেমনই মাঝে মাঝে এমন ছোট মুহূর্তও তৈরি করে বড় গল্প।

Related Articles